সাতক্ষীরা: বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর আওতাধীন ভোমরা বিওপির মেইন পিলার ৩ হতে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫৩ ব্যাটালিয়ন বিএসএফ এর আওতাধীন গোজাডাংগা ক্যাম্প সংলগ্ন ফুটবল মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।
ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, খুলনার সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ, যশোর রিজিয়ন এর পরিচালক অপারেশন লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ভারতের পক্ষে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর আইজি ড. অতুল ফুলজুরি, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর চীফ নোডাল অফিসার শ্রী এসএস গুলিরিয়া, ডিআইজি, সেক্টর কমান্ডার শ্রী রাজেস কুমারসহ বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ সময়ে ভারতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, প্রতিযোগিতাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। এ ধরনের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
