তোমার মানিব্যাগে আমার একখানা ছবি রেখ: মাহিয়া মাহি

ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। মাঝে মাঝে চলচ্চিত্রের আয়োজনেও তার উপস্থিতি নজর কাড়ে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।

রোববার (২৬ জুন) সকালে কদম ফুল হাতে নিজের সাদাকালো একটি ছবি পোস্ট করেছেন মাহি। সেই পোস্টে একটি গল্প লিখেছেন নায়িকা।

প্রিয়জনের উদ্দেশ্যে মাহি লেখেন, ‘শুনলাম গত সপ্তাহে তুমি নাকি পদ্মা পাড়ের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বন্ধুরা মিলে বেশ খোশগল্পে মেতেছিলে?’

তিনি আরও লিখেছেন, ‘এই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে যে গত বছরেও আমরা হাতে হাত রেখে একে অপরকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। হাসতে হাসতে আমাদের অনাগত জমজ কন্যাদের নামও ঠিক করে ফেলেছিলাম। তোমার কি সেদিন মনে পড়েছিল সেসব কথা?’

সবশেষে নায়িকা লেখেন, ‘আচ্ছা বাদ দাও। তুমি বরং তোমার মানিব্যাগটায় আমার পাসপোর্ট সাইজের একখানা ছবি রেখ’।

গত ১০ জুন একই জায়গায় তোলা আরও একটি ছবি পোস্ট করেছিলেন মাহি। সেখানে জায়গার নাম উল্লেখ করেন ভাঙা ব্রিজ, ইসলামপুর। মাহির সেই পোস্টে তার স্বামী রাকিব সরকার মন্তব্য করেন, ‘ক্রেডিট পাইলাম না।’ জবাবে মাহি লেখেন, ‘গতবারও তো দেই নাই।’ প্রতিউত্তরে রাকিব লিখেছেন, ‘কখনোই দাওনি।’ তাদের মন্তব্যেই বোঝা যাচ্ছে, ফুল হাতে মাহির ছবিগুলো তার স্বামীই তুলেছেন।

কিছুদিন আগে গুঞ্জন ওঠে, নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নায়িকা জানিয়েছেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, এমন কিছুই নয়। আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। কিন্তু এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *