প্রতি ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’তে কিছু না কিছু চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ঈদুল আযহার জন্য নির্মিত হওয়া ‘আনন্দ মেলা’র সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে দেখা যাবে আনন্দমেলার উপস্থাপনায়।
নিজের অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন আফরান নিশো। চরিত্রগুলোর মাধ্যমে তিনি সাজিয়ে তুলবেন পুরো আনন্দ মেলা।
আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।
এবারের আনন্দ মেলা প্রসঙ্গে প্রযোজকরা জানান, শুধু উপস্থাপনায়ই নয়, আনন্দ মেলাজুড়ে থাকছে বিভিন্ন চমক।
আনন্দ মেলার জন্য এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা। এ ছাড়া রয়েছে নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান।
সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার পরিবেশনা। বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নেবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ।
ঈদ আনন্দ মেলার শুটিংয়ে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ। ছবি: সংগৃহীত
চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার সিনেমার জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে। এ ছাড়া থাকছে সমসাময়িক বিষয়ের ওপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা।
বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দ মেলার শুটিং সম্পন্ন হয়েছে। এটি প্রচার করা হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
