আমেরিকা থেকে সুখবর দিলেন কাজী মারুফ

ঢাকাই ছবির প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এখন স্থায়ীভাবে বসবাস করছেন সুদূর আমেরিকায়। তবে প্রবাসে থেকেও দেশের চলচ্চিত্রের প্রতি ভালোবাসা কমেনি তার।

সম্প্রতি শেষ করেছেন নতুন একটি সিনেমার কাজ। সেই সঙ্গে দিলেন সুখবর। জানালেন শিগগিরই তিনি সিনেমা নির্মাণে নাম লেখাবেন। সম্প্রতি এক অনলাইন আড্ডায় এসব কথা বলেন তিনি।

প্রশ্ন: পরিবার নিয়ে প্রবাস যাপন করছেন। সব মিলিয়ে কেমন আছেন?

কাজী মারুফ: পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি। তবে পীড়া দিচ্ছে, সিলেট বন্যার পানিতে ডুবে গেছে, সেখানের মানুষ কষ্টে আছে! দেশের মানুষ কষ্টে থাকলে তো খারাপ লাগেই।

প্রশ্ন: আপনার ‘গ্রিনকার্ড’ সিনেমাটি কবে নাগাদ পর্দায় আসবে?

কাজী মারুফ: সিনেমাটির শুটিং শেষ করেছি। আমার ডাবিংও শেষ হয়েছে, কিন্তু দু-তিনজন আর্টিস্টের ডাবিং বাকি রয়েছে। সেটা শেষ করে আশা করছি আগামী মাসেই বাংলাদেশে নিয়ে যেতে পারব। আসলে ছবিটি আমার দীর্ঘদিনের স্বপ্নে লালিত। জান-প্রাণ দিয়ে করার চেষ্টা করছি। আমার বিশ্বাস দর্শকদের ভালো কিছু দিতে পারব।

প্রশ্ন: ‘গ্রিনকার্ড’ সিনেমার প্রযোজক-নির্মাতা নিয়ে নানা গুঞ্জন আমরা শুনতে পেয়েছিলাম। বিষয়টি নিয়ে কী মন্তব্য করবেন?

কাজী মারুফ: দেখুন, সিনেমাটির কাহিনি, স্ক্রিপ্ট, সংলাপ ও প্রযোজনা আমার নিজের। সিনেমাটি অনলাইনে পরিচালনা করেছেন কাজী হায়াত্। যেহেতু এখানে সামনে একজন নির্মাতা প্রয়োজন ছিল তাই আমরা অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে রওশনারা নিপাকে নিয়েছিলাম।

প্রশ্ন: কিন্তু রওশনারা নিপার একটি ফেসবুক স্ট্যাটাস সবাইকে বিভ্রান্ত করেছিল। এটা কোনো স্ট্যান্ট ছিল কি-না?

কাজী মারুফ: আমি কোনো নেগেটিভ প্রচারণাকে স্ট্যান্ট মনে করি না। আমার কাছে নেগেটিভ পাবলিসিটি সবসময়ই নেগেটিভ। তাছাড়া নিপা আন্টির সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল।

প্রশ্ন: অভিনয় থেকে অনেকেই নির্মাণে আসেন। সেই জায়গায় মারুফের কোনো পরিকল্পনা আছে কি-না?

কাজী মারুফ: এতদিন কোনো ইচ্ছে ছিল না। তবে এখন বলছি, শিগগিরই নির্মাণে নাম লেখাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *