ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণায় নামলেন অনন্ত-বর্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’ সিনেমার ট্রেলার প্রদর্শিত হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে অনন্ত জলিল ও খাদিজা পারভীন বর্ষা জুটির উপস্থিতিতে ট্রেলার প্রদর্শিত হয়।

প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে অনন্ত জলিল বলেন, দিন-দ্য ডে সিনেমাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা আছে। এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সিনেমাটির প্রচারণা শুরু করেছি। ঈদের দিন সারাদেশে রিলিজ হবে ‘দিন-দ্য ডে’। আমরা এতদিন যা বলে এসেছি, ছবিটা দেখলেই দর্শকরা বুঝবেন আমরা সঠিক বলেছি।

চিত্রনায়িকা খাদিজা পারভীন বর্ষা বলেন, পুরো মুভিটা হতে চার বছর লেগে গেছে। আমরা সবসময়ই সামাজিক মুভি করি, যাতে পরিবারের সাথে দেখা যায়। মুভিটি দুটো দেশের সাংস্কৃতিকে এক করেছে।

অগ্রিম ঈদ মুবারক জানিয়ে এই অভিনেত্রী সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানান।

এর আগে এক ফেসবুক স্টাটাসে অনন্ত জলিল লিখেছেন, আমরা আসছি আমাদের ‘দিন দ্য: ডে’ সিনেমার নতুন ট্রেলার প্রদর্শন করতে স্টুডেন্টের জন্য, যে ট্রেইলারটি আমরা এখনও ইউটিউবে আপলোড করিনি।

রোববার প্রথম ট্রেইলার প্রকাশের পর এখন পর্যন্ত ১৭ লাখ বার ‘ভিউ’ হয়েছে; লাইক পড়েছে এক লাখ; মন্তব্য এসেছে ১৬ হাজারের মত।

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল; প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।

বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরানে সিনেমার শুটিং হয়েছে। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিল ছাড়াও তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *