পরীমণির কোলজুড়ে ছেলে নাকি মেয়ে আসছে?

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি অন্তঃসত্ত্বা। ঘনিয়ে আসছে তার মা হওয়ার সময়। মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য যেন মুখিয়ে আছেন সাহসী এই নারী। আর এই সময়টা যে তিনি বেশ উপভোগ করছেন তা স্পষ্টই বোঝা যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে। এরইমধ্যে একাধিকবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভেসেছেন নায়িকা।

গত ১০ জানুয়ারি আচমকাই মা হতে যাওয়ার খবর জানান আলোচিত এই চিত্রনায়িকা। এও জানান, তার অনাগত সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গত ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। পরে ধুমধাম করে পরীমনির বনানীর বাড়িতে ফের বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেন।

এবার অভিনেত্রীর সংসারে নতুন সদস্য আসার অপেক্ষা। কবে শেষ হবে সেই অপেক্ষার প্রহর? ছেলে নাকি মেয়ে আসছে নায়িকার কোলজুড়ে?

এসব জানতে যোগাযোগ করা হয় পরীমনির সঙ্গে। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘অন্তঃসত্ত্বা হওয়ার ২৭ সপ্তাহ পার হয়েছে। ডাক্তার এখনো নির্দিষ্ট সময় দেননি। আশা করছি, আগামী ১০ কী ১২ সপ্তাহ পরই আমার সন্তান পৃথিবীতে আসবে। সেভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। তবে ছেলে না মেয়ে হবে, তা জানি না। জানতে চাইও না। আল্লাহ যা দেবে, তাতেই খুশি।’

অভিনেত্রী আরও বলেন, ‘মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করছি। শরীরের মধ্যে একটি নতুন প্রাণ প্রতি মুহূর্তে বেড়ে উঠার অনুভূতি আমাকে বারবার শিহরিত করছে। চিকিৎসক আমাকে সর্বোচ্চ সাবধানে চলাফেরা করতে বলেছেন। এই বিশেষ মুহূর্তে সিনেমা সংশ্লিষ্ট সব ধরণের কার্যক্রম একেবারে বন্ধ রেখেছি।’

স্বামীর প্রশংসা করে পরীমনি বলেন, ‘রাজ শতভাগ দেখভাল করছে। সারাক্ষণ আমার যত্ন নিচ্ছে। সোমবারও নিয়মিত চেকআপের জন্য নিয়ে গিয়েছিল হাসপাতালে। এছাড়া পছন্দের নানা ধরনের ডিশ নিয়মিত রান্না করে আমাকে খাওয়াচ্ছে।’

নায়িকা আরও জানান, ‘রাজ বাসায় থাকলে কিছুক্ষণ পর পরই ও আমার পেটে হাত দিয়ে বাবা বাবা বলে ডাকে। আমার সন্তান হয়তো বুঝতে পারে। কারণ রাজ ডাকলেই পেটের মধ্যে নড়াচড়া টের পাই। অনাগত সন্তানের কথা মনে করে মাঝে মাঝেই আনন্দে আত্মহারা হয়ে যাই। এ যেন এক ভীষণ সুখের সময় পার করছি দুজনে।’

এদিকে পরীমণির ফেসবুক পেজ কিংবা অ্যাকাউন্টে ঢুঁ মারলে দেখা যায়, গভীর প্রেমে ভরপুর সব কথা। রাজকে উদ্দেশ্য করে তার ভালোবাসার বন্দনা থাকে প্রায় সব পোস্টেই। এ নিয়ে নায়িকার অকপট ব্যাখ্যা, ‘রাজের প্রতি আমার আবেগ একদম খাঁটি’।

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা যখন চিকিৎসক নিশ্চিত করেছিল, ওই মুহূর্তের অনুভূতির কথা জানিয়ে পরীমণি বলেন, ‘তখন মনে হচ্ছিল আমার দুটো ডানা গজিয়েছে। আমি সত্যি সত্যি পরি হয়ে গেছি। আমি উড়ে যাচ্ছি সাদা মেঘের পালের সঙ্গে। পৃথিবীটাকে এক টুকরো স্বর্গ মনে হচ্ছিল তখন!’

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার পরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন পরীমণি। এগুলো হলো ‘মা’ ও ‘কাগজের বউ’। এছাড়া তার হাতে রয়েছে ‘প্রীতিলতা’ সিনেমার কাজ। সন্তান হওয়ার পর এই সিনেমাটি সম্পন্ন করবেন নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *