সমস্যা মিটে গেছে, আমরা এখন একসঙ্গেই আছি: ওমর সানী

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির সফল দুই অভিনয়শিল্পী তারা। ভালোবাসে ঘর বেঁধেছেন, একই ছাদের নিচে তাদের সুখের সংসার। বলছি জনপ্রিয় নায়ক ওমর সানী ও প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর কথা। শোবিজের তারকাদের সংসার ভাঙার হিড়িকে তারা সুখী দাম্পত্যের উজ্জ্বল উদাহরণ হিসেবেই চিহ্নিত।

ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ইস্যুতে কয়েক দিন ধরে বেশ উত্তাল সিনেমাপাড়া। কারণ জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে বিরক্ত ও সংসার ভাঙার অভিযোগ আনেন ওমর সানী। তবে স্বামীর ওই অভিযোগের বিপক্ষে অবস্থান নিয়ে জায়েদকে ‘ভালো ছেলে’ আখ্যা দেন মৌসুমী। যদিও পরবর্তীতে তিনি ছেলে ফারদিনের মাধ্যমে জানিয়েছেন, ‘যা বলেছি রাগের মাথায়’।

সপ্তাহখানিক আগের এ ঘটনাকে কেন্দ্র করে মৌসুমী ও ওমর সানীর মধ্যে সম্পর্কের যে দূরত্ব প্রকাশ্যে আসে, এখন তার অবসান হয়েছে। সম্প্রতি মৌসুমী, ওমর সানীসহ পরিবারের সবার একসঙ্গে খাবার টেবিলের ছবি ও ভিডিও প্রকাশিত করেছেন ওমর সানী। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তাঁদের মধ্যে এখন কথাবার্তা চলছে। একই সঙ্গে তাঁরা বসছেন, আড্ডা দিচ্ছেন।

কিন্তু এই অবস্থার মধ্যে তাঁদের দুজনের আগের দেওয়া অডিও ও ভিডিওর এডিট করা বক্তব্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন। আর তাতেই খেপেছেন ওমর সানী। দিয়েছেন অডিও বার্তা।

সোমবার (২০ জুন) অডিও বার্তায় একসময়ের এই ঢালিউড নায়ক বলেন, ‘কিছুদিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেওয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে কেটে বাদ দিয়ে আপনারা অনেকে প্রিয়দর্শিনী মৌসুমী ও আমাকে নিয়ে বাজে বাজে কথা প্রচার করছেন। শুধু তাই-ই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ। এগুলো বাদ দেন। এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন।’

তিনি আরও বলেন, ‘আপনারা কি জানেন, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা সবার দোয়া, ভালোবাসায় মিটে গেছে। আমরা এখন একই ছাদের নিচে আছি, আমরা একসঙ্গে আছি, এক ঘরেই আছি। আমি, মৌসুমী, ছেলেমেয়ে ফারদিন, ফাইজা, আমার ছেলের বউ আয়েশা—আমরা একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি আমরা।’

মৌসুমীর অডিও বার্তায় ওমর সানীকে ‘ভাই’ বলা প্রসঙ্গে বলেন, রাগ করে ও অনেক সময় আমাকে ভাই বলে, আমিও তাঁকে আপনি করে বলি, ম্যাডাম বলি এতে তো কোন সমস্যা দেখছি না।’

অডিও বার্তার একাংশে প্রশ্ন রেখে ওমর সানী বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা খুনসুটি, হালকা দূরত্ব বা কাছে আসা কার না হয়। আপনি কি শুনছেন আপনার মা–বাবার মধ্যে এটি ছিল না? আপনার পাড়া–প্রতিবেশীর মধ্যে এটি দেখছেন না? বা আপনার নিজের মধ্যে কি এটি নেই? আমরা কি দুধে ধোয়া তুলসী পাতা? না, আমরা কেউই তা নয়। কেন মৌসুমীকে নিয়ে এসব বলছেন?।

অডিও বার্তায় ওমর সানী আরও বলেন, ‘দেখুন, মৌসুমী আমার স্ত্রী। আমি তো চরিত্র নিয়ে কথা বলছি না। আপনাদের কে বলেছে, তাঁর মতো বিশাল পাহাড়ের মতো জনপ্রিয়তার শৃঙ্খলে আঘাত করার? আপনাদের কে দিয়েছেন এই অধিকার? বিরত থাকুন, ওপরওয়ালার দিকে তাকান। আর বাজে এডিট করা ছাড়েন। এডিট করে একজনের কথা আরেকজনের মধ্যে ঢুকিয়ে সাংসারিক দূরত্ব আপনারাই সৃষ্টি করছেন। এসব এডিটিং মার্কা জিনিস ছেড়ে দেন দয়া করে। যাঁরাই এটি করছেন, তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। ভালো থাকবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *