এবার হকারের ভূমিকায় নায়িকা মৌসুমী

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমীকে ঘিরে সম্প্রতি আলোচনার শেষ নেই। তাকে কেন্দ্র করে ওমর সানী-জায়েদের লড়াই, এরপর পাল্টাপাল্টি বক্তব্য, সংসার ভাঙনের গুঞ্জন নানান বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে যায়। শেষ পর্যন্ত দূরত্ব মিটিয়ে এক হয়ে গেছেন সানী-মৌসুমী। যা ভক্তদের মনে দিয়েছে স্বস্তি।

এবার এল মৌসুমীর সিনে জীবনের নতুন খবর। সিনেমার নাম ‘ভাঙন’। নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। রোববার (১৯ জুন) রাতে প্রকাশ করা হয়েছে এর অফিসিয়াল পোস্টার।

পোস্টারে দেখা দিয়েছেন মৌসুমী ও ফজলুর রহমান বাবু। এর মধ্যে মৌসুমীকে দেখা গেছে মাথায় একটি ঝুড়ি নিয়ে হাঁটছেন। আর বাবু বাজাচ্ছেন বাঁশি।

নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমার কাজ শেষ। শিগগিরই এটি মুক্তি দেবেন। হকার, প’তিতা, পকেটমার, বংশীবাদকসহ বিভিন্ন প্রান্তিক ও ছিন্নমূল মানুষের গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। এতে মৌসুমী-বাবু ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরী আলম, প্রাণ রায় প্রমুখ।

জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ভাঙন’। এর প্রযোজকও মির্জা শাখাওয়াৎ হোসেন। গত বছর তেজগাঁও রেলস্টেশনে শুরু হয় সিনেমার শুটিং।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমায় মৌসুমী মূলত একজন হকারের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি চুড়ি-ফিতা এসব বিক্রি করেন। আর ফজলুর রহমান বাবুকে দেখা যাবে ভিক্ষাবৃত্তির পেশায়। প্রাণ রায় অভিনয় করেছেন পকেটমারের চরিত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *