ঢাকা: সিলেট-সুনামগঞ্জে ৫০ লাখ মানুষ পানিবন্দি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের জন্য বরাদ্দ এক থেকে দেড় টাকা, আর পদ্মা সেতুর অনুষ্ঠানের জন্য ভারত থেকে একজন নৃত্যশিল্পী এসেছেন, তাকে নাকি দেবে তিন কোটি টাকা।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে এবং বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত সহায়তা প্রদানের দাবিতে প্রতীকী অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সিলেটের বন্যা আমরা যা দেখছি সকালে হাঁটুপানি দুপুরে মধ্যে কোমর পানি। গোটা সুনামগঞ্জ শহর রীতিমতো পানিতে ভাসছে। আর আপনি ভাসছেন আনন্দে আত্মহারা হয়ে পদ্মা সেতু দেখিয়ে। পদ্মা সেতু যে ভেলকিবাজি এটা জনগণ জানে যে তামাশা করছেন। জনগণের সাথে একটা মশকরা করছেন, ভেলকিবাজি দেখাচ্ছেন।’
রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে আপনি ঠেলে দেবেন, এটা আর এদেশের মানুষ সহ্য করবে না। সময় এসেছে আপনার সরকারের গলায় গামছা দিয়ে রাজপথে নামাবে বাংলার মানুষ। সেই প্রত্যয় সেই অঙ্গীকার নিয়ে এখন মানুষ রাজপথে নেমে পড়বে।’
সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিবেন তাহলে আজকে কেন রাত আটটা থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নির্দেশ দিচ্ছেন। কারণ কোথাও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই। ঢাকায় এখন এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। আপনি যে সকল আইন করেছেন শুধু আপনার লোকজনদের ধনী করার জন্য, আঙুল ফুলে কলাগাছ হওয়ার জন্য। আপনাদের লোকজন যাতে বাংলার মানুষের ভাগ্য হরণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং এই টাকা বিদেশে পাচার করতে পারে, আপনি সেই সুযোগ করে দিচ্ছেন।
