রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড়ী নাপিত্তাছড়া ঝড়না থেকে অজ্ঞাত পরিচয়ের এক পর্যটকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকার নাপিত্তাছড়া ঝড়নার পাহাড়ি ঝিরি থেকে লাশটি উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশের একটি দল। তবে ঝরণার কূপে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে নাকি অন্য ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অপরিচিত তিন পর্যটক ঝড়না এলাকার একটি অস্থায়ী রেস্তোরায় দুপুরের খাবারের ফরমায়েশ দিয়ে ঝড়না দেখতে যায়। পরে ওই যুবকদের কেউ আর খাবার খেতে আসেনি। বিকেলে নাপিত্তাছড়া ঝড়নার ঝিরিতে এক পর্যটকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়। সন্ধ্যায় মীরসরাই থানা পুলিশের সদস্যরা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, মীরসরাইয়ের নাপিত্তাছড়া ঝড়নায় এক পর্যটকের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঝিরি পথ অতিক্রম করে ঝড়নায় গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত পর্যটকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে শুধু একটি হাফপ্যান্ট ছিলো।
সুরতহালে মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহত পর্যটকের পরিচয় উদ্ধারের চেষ্টা করছি আমরা। আর সকালে ঝড়নায় গিয়ে আর না ফেরা অন্য দুই পর্যটককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এটা দূর্ঘটনাবশত মৃত্যু নাকি অন্য কিছু তা জানতে পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
