বাবা মানে নির্ভরতার আকাশ। বাবা মানে নিরাপত্তার চাদর। বাবা শাশ্বত, চির আপন। বাবা বটবৃক্ষ, প্রখর রোদে সন্তানের শীতল ছায়া। সন্তানের প্রতি পিতা বা বাবার ভালোবাসা চিরকালের। বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস। আজ সেই দিন।
এ দিনে সন্তানেরা বাবাকে স্মরণ করছেন নানাভাবে। বাবা দিবসে তারকারাও জানিয়েছেন বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সংগীতশিল্পী আঁখি আলমগীর জানালেন বাবাকে নিয়ে তাঁর আবেগ-অনুভূতির কথা।
আঁখি আলমগীর বলেন, ‘অনেকেই বলেন, আমি খুব লাকি। কারণ, আমি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আলমগীরের মেয়ে। সৃষ্টিকর্তা আমাকে একজন সৎ, গুণী অভিনেতা, একজন অধ্যবসায়ী ও পরিশ্রমী মানুষের ঘরে পাঠিয়েছেন। যাঁর মানসিক শক্তি অনেক বেশি।
আব্বু অনেক প্রফেশনাল। শর্টকাট রাস্তায় তাঁকে কখনো চলতে দেখিনি। আব্বু আমাকে আমার মতো করে জীবনের পথে লড়াই করতে বলেছেন। তিনি স্পষ্টবাদী মানুষ। আমাকে সোজাসুজি বলে দিয়েছিলেন, ‘তোমার পথে তুমি নিজের সাহায্যে চলবে। এ জন্য কোথাও কোনো সুপারিশ করতে পারব না।’
একটা সময় ছিল, আব্বুর ছুটির দিনের আশায় থাকতাম। সপ্তাহের কোনো একটি দিন আমাদের জন্য আব্বু ঠিক বের করে ফেলতেন। আর ওই দিন ঘুম থেকে উঠে অপেক্ষা করতাম আব্বু কখন উঠবেন! ছুটির দিনে আব্বু একটু বেলা করে ঘুম থেকে উঠতেন। ওই দিন শুধু আমাদেরই সময় দিতেন।
আজকে আঁখি আলমগীর হতে পেরেছি আব্বুর জন্যই। কাছ থেকে দেখা আব্বুই আমার কাছে সেরা মানুষ। যতবার কঠিন বাস্তবতার মুখোমুখি হই, এই মানুষটি ততবার নির্ভরতার অনেক বড় জায়গা হয়ে যান।’
