১৬ লাখ টাকা নিয়ে বানভাসি মানুষের কাছে তাশরীফ

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন।

প্রতিনিয়ত বন্যার পানির উচ্চতা বেড়েই যাচ্ছে। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতাও করতে পারছে না প্রশাসন।

এ অবস্থায় সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তরুণ গায়ক তাশরীফ খান ও তার ব্যান্ড ‘কুঁড়েঘর’। এরই মধ্যে তহবিল গঠন করে বন্যকবলিত এলাকায় অবস্থান করছেন তারা।

এক ফেসবুক পোস্টে তাশরীফ জানিয়েছেন এরইমধ্যে ১৬ লাখ টাকা অনুদান তুলেছেন তারা। তাশরীফ বলেন, ‘দুই দিনে ১৬ লক্ষ টাকা অনুদান এসেছে। আমাদের সব নম্বরের লিমিট শেষ। এখন কেউ টাকা পাঠিয়েন না। আমরা এইটা ডিস্ট্রিবিউট করার পর প্রয়োজন হলে আবার জানাব।’

জানা যায়, গত কয়েক দিন ধরেই সিলেটে অবস্থান করছেন তাশরীফ। নিজের টিম নিয়ে বিভিন্নভাবে বন্যার্ত মানুষকে সাহায্য করছেন তিনি। লাইভ করে তাদের সম্পর্কে সবাইকে জানাচ্ছেন। পাশাপাশি অন্যরাও যাতে এই সাহায্যে এগিয়ে আসে তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তার এই উদ্যোগ এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *