চিত্রনায়িকা মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করেন জায়েদ খান। এমন অভিযোগে সম্প্রতি ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে চড় মারেন ওমর সানি। এসময় জায়েদ রেগে কোমর থেকে পিস্তল বের করে সানিকে গু’লি করার হুমকি দেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে চলছে উত্তেজনা।
গতকাল রোববার (১২ জুন) শিল্পী সমিতির সভাপতি বরাবর ওমর সানি লিখিত অভিযোগ দিয়েছেন জায়েদ খানের বিরুদ্ধে। সেখানে তিনি তার সংসার ভাঙার চেষ্টা ও গু’লি করে হত্যার হুমকির অভিযোগ আনেন।
কিন্তু জায়েদ খান শুরু থেকে ঘটনাটি অস্বীকার করে আসছেন। তার স্পষ্ট দাবি, এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি চড় খাননি, কিংবা পিস্তল বের করে হুমকিও দেননি। ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন তারকাও চড়-পিস্তল কাণ্ডের কথা জানেন না বলে মন্তব্য করেছেন।
এসব নিয়ে যখন মিশ্র প্রতিক্রিয়া চলছে সিনে পাড়ায়। তখন সবচেয়ে বড় বো’মা ফাটালেন ঘটনার কেন্দ্রবিন্দু মৌসুমী। স্বামী ওমর সানী নয়, বরং জায়েদ খানেরই পক্ষ নিয়েছেন তিনি। এমনকি জায়েদকে ‘ভালো ছেলে’ আখ্যাও দিয়েছেন নায়িকা।
সোমবার (১৩ জুন) এক অডিও বিবৃতি দিয়েছেন মৌসুমী। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, জায়েদ খানের সঙ্গে তার পেশাগত সম্পর্ক। তিনি জায়েদকে স্নেহ করেন। জায়েদ তাকে সবসময় সম্মান দেন; অসম্মান কিংবা বিরক্ত করার ঘটনা কখনো ঘটেনি। সুতরাং সানী কেন এমন অভিযোগ তুলেছেন, সেটা বোধগম্য হচ্ছে না বলেও জানালেন মৌসুমী।
মৌসুমীর বিপরীতমুখী বক্তব্য শুনে ওমর সানীও অবাক হয়েছেন। নরম সুরে বলেছেন, মৌসুমী তার স্ত্রী। সুতরাং তাকে দোষারোপ করতে চান না। তবে জায়েদের বিষয়ে অভিযোগের জায়গায় অটল আছেন তিনি।
সানী-মৌসুমী-জায়েদ ইস্যুতে সোশ্যাল মিডিয়াও সরগরম। নানারকম আলোচনা-সমালোচনা চলছে অন্তর্জাল দুনিয়ায়। প্রথম দিকে ওমর সানীর পক্ষে অধিকাংশের মতামত দেখা গিয়েছিল। কিন্তু মৌসুমীর বক্তব্যের পর উল্টো দিকে হাওয়া বইছে।
যাকে ঘিরে ঘটনার সূত্রপাত, সেই তিনিই জায়েদকে নির্দোষ দাবি করলেন। বিপরীতে নিজের স্বামীকেই দাঁড় করালেন প্রশ্নের কাঠগড়ায়। ফলে স্ত্রীর জন্য লড়তে গিয়ে দিনশেষে যেন ভিলেনই হয়ে গেলেন নায়ক ওমর সানী।





