এটি আমার ভক্তদের ভালোবাসার ফসল: তানজিন তিশা

বর্তমানে অনেক তারকারই ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে। তাঁদের কেউ কেউ ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে সিলভার, আবার কেউ কেউ গোল্ডেন প্লে বাটনও পেয়েছেন।

গত বছর করোনাকালে ইউটিউব চ্যানেলে খুলেছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। নাম ‘তানজিন তিশা অফিশিয়াল’। সেই চ্যানেলের জন্য ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ‘সিলভার প্লে বাটন’ পেলেন তানজিন তিশা। ইউটিউবের একটি নিয়ম আছে। তা হলো, কোনো চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইব হলে সিলভার আর ১০ লাখ সাবস্ক্রাইব হলে গোল্ডেন বাটন দেওয়া হয়।

চ্যানেলটি শখের বশেই করা, জানান তিশা। তিনি বলেন, ‘করোনাকালে ঘরেই ছিলাম। চিন্তা করলাম, বাসায় আছি। একটি ইউটিউব চ্যানেল খুলি। পরিবারের সঙ্গে সময় কাটানো, লকডাউনে জন্মদিন, নিজের মেকআপ করাসহ নানা ঘটনার স্মৃতি ভিডিও করে চ্যানেলে রাখা যাবে। সেভাবেই করেছিলাম।’

ভিডিওগুলো চ্যানেলে দেওয়ার পর বেশ সাড়া পাচ্ছিলেন তিশা। তিনি বলেন, ‘এসব ভিডিও দেখে আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ইতিবাচক মন্তব্য করছিলেন। আরও নতুন নতুন ভিডিও চাচ্ছিলেন তাঁরা। দেখলাম, এক বছর না যেতেই সাবস্ক্রাইব এক লাখ পার হয়ে গেল।’

এই বাটন পেয়ে আনন্দিত তিশা বলেন, ‘এটি আমার ভক্তদেরই ভালোবাসার ফসল। এ কারণেই নিজের কাছে ভালো লাগছে। তবে নিয়মিতভাবে যদি আরও কনটেন্ট দিতে পারতাম, তাহলে হয়তো এত দিনে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে গোল্ডেন বাটন স্বীকৃতি পেতাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *