বনানীতে সাড়ে ৫ হাজার বর্গফুটের ফ্ল্যাট উপহার পেলেন ফেরদৌস

জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদের জন্মদিন আজ। এবারের জন্মদিন উপলক্ষে ফ্ল্যাট উপহার পেয়েছেন তিনি। আজ মঙ্গলবার তার স্ত্রী তানিয়া আহমদে তাকে এ উপহার দিয়েছেন।

‌ফেরদৌস বলেন, ‘আজ একটি অসাধারণ উপহার পেয়েছি। এটা একেবারেই অবাক করার মতো। আর উপহারটি পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকেই।’

ফেরদৌসের স্ত্রী তানিয়া আহমেদ বাংলাদেশ বিমানের পাইলট। ২০০৪ সালের ৯ ডিসেম্বর বৈমানিক তানিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস। তাঁদের ঘরজুড়ে এখন ছোটাছুটি করে দুই মেয়ে নুজহাত ও নামিরা। চিত্রনায়ক স্বামী ফেরদৌসের জন্মদিন ঘিরে বরাবরই বৈমানিক স্ত্রী তানিয়ার ভিন্ন রকম পরিকল্পনা থাকে। আর এখন এই পরিকল্পনায় যোগ দেন দুই মেয়েও। মেয়েরা বাবার জন্য পছন্দের নানান খাবার তৈরি করেন। বাবা ফেরদৌসও ভীষণ আনন্দ পান।

তবে এবার আনন্দ নয়, একটা অবাক করা ঘটনা ঘটিয়েছেন বৈমানিক স্ত্রী। দুপুরে ফেরদৌসকে নিয়ে যান একটি অফিসে। যেখানে গিয়ে ফেরদৌস জানতে পারেন, তাঁকে এবারের ঈদে সাড়ে পাঁচ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট উপহার দিচ্ছেন তানিয়া। স্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে অবাক হয়েছেন বলে জানান ফেরদৌস।

জানা গেছে, বনানী ডিওএইচএস এলাকায় ফেরদৌসকে নতুন এই ফ্ল্যাট উপহার দিয়েছেন তাঁর স্ত্রী তানিয়া ফেরদৌস। ফেরদৌস বলেন, ‘বিয়ের পর থেকে সব সময় কোনো না কোনোভাবে এই দিনে আমাকে চমকে দেয় তানিয়া। তবে এবারেরটা ধারণার বাইরে। নিঃসন্দেহে এটা ভীষণ আনন্দের সংবাদ। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই। আমরা যেন একে অপরকে চমকে দিয়ে জীবনটা পার করে দিতে পারি।’

১৯৭৬ সালের আজকের দিনে (৭ জুন) কুমিল্লার তিতাস এলাকায় জন্মগ্রহণ করেন ফেরদৌস আহমেদ। পড়ালেখা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র‍্যাম্পে তাঁর হাতেখড়ি। নৃত্য পরিচালক আমির হোসেন বাবু হাতে ধরে তাঁর চলচ্চিত্রে আগমন ঘটে। তবে ১৯৯৭ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘বুকের ভিতর আগুন’ সিনেমাতে কাজ করতে ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন। সিনেমাটি প্রয়াত অভিনেতা সালমান শাহের আকস্মিক মৃত্যুর কারণে তাঁর অভিনীত অসমাপ্ত একটি সিনেমা ছিল।

ফেরদৌস আহমেদ মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ‘পৃথিবী আমারে চায় না’। তবে ১৯৯৮ সালে ফেরদৌস ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার ও পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

কলকাতার পাশাপাশি ২০০১ সালে ‘মিট্টি’ নামে একটি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *