সীতাকুণ্ডের ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না, খতিয়ে দেখার দাবি হারুনের

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এজন্য তিনি নামমাত্র কোনো কমিটি না করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে এখনও কেন ওই ডিপোর মালিককে গ্রেপ্তার করা হয়নি, সে প্রশ্ন রাখেন তিনি।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুন এই দাবি জানান। তিনি এই ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন।

হারুনুর রশীদ বলেন, ‘আমি মনে করি, যেহেতু বন্দরগুলো আজকে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কিনা, এখানে সেনাবাহিনীসহ যারা বিশেষজ্ঞ, তাদের নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত হওয়া দরকার।’

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘সীতাকুণ্ডের এই ঘটনা একটি ভয়াবহ ঘটনা। গত ৫০ বছরে কোনো ডিপোতে এ ধরনের ঘটনা ঘটেনি।

হারুন বলেন, ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনারে ছিল সেগুলো সে সম্পর্কে আগে থেকে তাদের অবহিত থাকা উচিত ছিল। সাধারণ কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢুকালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি প্রশ্ন রাখেন, যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে তার দায়-দায়িত্ব কে নেবে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থ সহায়তা কে দেবে?

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। এ ঘটনায় চার শতাধিক মানুষ আহত হন। তাদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *