দীর্ঘ ১১ বছরের সম্পর্কের অবসান ঘটেছে। বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় পপ গায়িকা শাকিরা এবং তার সঙ্গী তারকা ফুটবল খেলোয়াড় জেরার্দ পিকে। বিয়ে না করলেও দুটি সন্তান আছে পিকে-শাকিরা জুটির।
কলম্বিয়ান গায়িকা ৪৫ বছরের শাকিরা শনিবার এক বিবৃতিতে পিকের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন বলে জানায় দ্য ডেইলি মেইল।
বিবৃতিতে শাকিরা বলেন, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য, যারা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আমরা আপনাদের প্রতি তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি। বিষয়টি বুঝবার জন্য আপনাদের ধন্যবাদ।”
শাকিরার সঙ্গে প্রতারণাসহ পিকের ব্যাপারে নানা ধরনের বিতর্কিত বিষয় সম্প্রতি উঠে এসেছে স্প্যানিশ গণমাধ্যমে। নতুন সম্পর্কের বিষয়ে শাকিরা জেনে যাওয়ায় বাসা ছাড়তে হয়েছে পিকেকে। বার্সেলোনার একটি বাসায় একা থাকছেন তিনি। তবে পিকের মধ্যে কোনো ভাবান্তর নেই। বার্সেলোনা সতীর্থ রিকি পুজসহ আরও বন্ধুবান্ধব নিয়ে গভীর রাত পর্যন্ত নাইট ক্লাবে পার্টি করে বেড়াচ্ছেন তিনি।
