শরণখোলায় চুরির ঘটনায় কিশোরকে ৬ ঘন্টা বেঁধে রাখার অভিযোগ

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় এক গরু ব্যবসায়ীর বাড়িতে টাকা চুরির অভিযোগে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে আশিকুর রহমান (১৩) নামের এক শিশুকে ৬ ঘন্টা বেঁধে রেখে ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রচার করা হয়েছে।

তবে পরে ভিডিওটি ডিলেট করে দেয়া হয়েছে। ৩ জুন শুক্রবার দুপুরে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের সগির খাঁনের বাড়িতে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা মো. জাকির হাওলাদারের পুত্র আশিকুর রহমান একই গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র রাকিব ও আ. লতিফের পুত্র রাসেল সহ তিন জন মিলে উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা আ. রশিদ খাঁনের পূত্র গরু ব্যবসায়ী সগির খাঁনের বাড়ির জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা ও একটি সোনার আংটি ও একটি স্বর্ণের চেইন চুরি করে। বাড়ির মালিক আশিকুরকে আটক করতে পারলেও বাকী দুজন পালিয়ে যায়। পরে, আশিককে দড়ি দিয়ে বেঁধে শারিরীক নির্যাতন করেছে বলে স্থানীয়রা জানায়।

নাম না প্রকাশ করার শর্তে ওই এলাকার কয়েকজন জানায়, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. রেজাউল করিম এর উপস্থিতিতে ওই শিশুকে শতাধিক লোকের সামনে দড়ি দিয়ে কয়েক ঘন্টা বেঁধে রাখা হলেও তিনি কোন ব্যবস্থা নেননি।

বাড়ির মালিক মো. সগির খাঁন বলেন, ব্যক্তিগত কাজে আমি ও আমার স্ত্রী বাইরে থাকার সুযোগে ওই চোর চক্র জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। তবে আশিকুরকে শারিরীক নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য মো. রেজাউলের মোবাইল নম্বরে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে উত্তেজিত হয়ে সাংবাদিক দরকার হলে আমি ফোন দেব বলে লাইনটি কেটে দেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও বাকী দুই চোরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *