ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতাম: আ. লীগ প্রার্থী

চট্রগ্রাম: ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী।

গত শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বাংলাবাজার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় এমন বক্তব্য দেন। এ সময় সঙ্গে থাকা সমর্থকরাও তার এ বক্তব্যে সমর্থন দেন। তার দেওয়া এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুবিজুল হক হ্যান্ড মাইকে বক্তব্য দিচ্ছেন। ৪০ সেকেন্ডের ভিডিওতে মুজিবুলকে বলতে শোনা যায়, ‘রিকশায় করে পারেন, যেমন করে পারেন ভোট দেওয়ার জন্য… কারণ ইভিএমের ভোট। ইভিএম না হলে কাউকে না খোঁজে ভোট আমি মেরে দিতাম। কথা বুঝেন নাই। ইভিএমে আইডি কার্ড না ঢুকালে হয় না। ওটা না হলে ভোট আমি রাতেই নিয়ে নিতাম। তাই আপনাদের কষ্ট করে সেটা (এনআইডি) নিয়ে যেতে হবে। গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে। কথা বুঝেন নাই। সরকার ইভিএম একটা করছে, তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙ্গুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে সেখানে আমি চাপ দেওয়ার মানুষ রাখব। আমার জন্য একটু দোয়া করবেন সবাই।’

মুজিবুল হক চৌধুরীর এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে দাবি করেন।

তিনি বলেন, ‘আমি শিশু নই। আমি বর্তমান চেয়ারম্যান। আমি কি প্রকাশ্য সমাবেশে এমন একটি শিশুসুলভ বক্তব্য দিতে পারি?’

তার ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রতিপক্ষের লোকেরা ভিডিওটি তৈরি করে প্রচার করছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

যোগাযোগে করা হলে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম জানান, মুজিবুল হককে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *