আমাদের জীবন সহজ নয়: শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জি ও বিতর্ক, এটা যেন এখন একই মুদ্রার দুটি পিঠ। গত কয়েক বছর ধরে অনবরত সমালোচনায় বিদ্ধ হচ্ছেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী। একের পর এক বিয়ে, বিচ্ছেদ, এরপর আবার নতুন প্রেম কিংবা সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিও পোস্টকরা; ইত্যাদি নানান বিষয়ে প্রতিনিয়ত সমালোচিত হন তিনি।

তবে এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে কাজ করে যাচ্ছেন আপন মনে। সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাবন্তীর সিনেমা ‘ভয় পেও না’।

এবার অয়ন দে পরিচালিত নতুন সিনেমাটি দিয়ে আলোচনায় এসেছেন এই তারকা।

‘ভয় পেও না’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন শ্রাবন্তী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওম। ভৌতিক গল্পে এটি নির্মিত হয়েছে।

সিনেমাটির গানের শুটিং হয়েছে কাশ্মীরে। চারিদিকে বরফ, আর তার মধ্যে গোলাপি শাড়ি পড়ে মোহময়ী রূপে ধরা দিয়েছেন শ্রাবন্তী।

সে গানের শুটিং করার অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘শুটিং করাটা অনেক কঠিন ছিল। গোটা ইউনিট ঠাণ্ডায় কাঁপছে। নায়কও ব্লেজার, জ্যাকেট সমস্ত কিছু পরেছে। আর আমার কস্টিউম ছিল একটা ফিনফিনে শাড়ি। কী করব? গানটা দেখতে ভালো লাগতে হবে।’

তিনি আরো বলেন, ‘আজীবন দেখে এসেছি মানুষ নায়িকাকে স্বপ্নের মতো সুন্দর দেখতে ভালোবাসেন। দেখলে মনে হয় অভিনেতা অভিনেত্রী, বিশেষ করে অভিনেত্রীদের জীবন খুব সহজ… কিন্তু তা নয়। ’

অভিনেত্রী জানান, এবারই কাশ্মীরে গিয়ে জীবনে প্রথম তুষারপাত দেখেছেন তিনি। শুটিং বাদ দিয়ে হারিয়ে ডুবে গিয়েছিলেন প্রকৃতির প্রেমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *