ঢাকা: বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে।
শনিবার (২৮ মে) বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটযোগে লন্ডন থেকে ঢাকার হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে তার মরদেহ বাংলাদেশে আসে। একই ফ্লাইটে আসেন আবদুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যরা।
সরকারের পক্ষে তার মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী খান।
আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া হবে গার্ড অব অনার।
পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদসহ সমাজের নানা স্তরের মানুষ। বেলা ৩টা পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি পর্বটি চলবে।
বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বিকেল ৪টায় মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে।
সেখানে গাফফার চৌধুরীর মরদেহবাহী কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন সাংবাদিকরা। পরে শনিবার বিকেল সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করে হবে।
গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান ৮৮ বছর বয়সী গাফফার চৌধুরী। তিনি কয়েক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা ‘সাপ্তাহিক জয় বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী।
বরিশালের উলানিয়ার চৌধুরী বাড়িতে তার জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর। আবদুল গাফ্ফার চৌধুরী উলানিয়া জুনিয়র মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে হাইস্কুলে ভর্তি হন। ১৯৫০ সালে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে।
১৯৫৩ সালে তিনি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে বিএ অনার্স পাস করেন গাফ্ফার চৌধুরী।
