ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবদী যুবদল। এতে স্বতঃস্ফূর্তভাবে যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। ফলে জাতীয় প্রেসক্লাব এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে জনতার ঢল নামতে শুরু করে। এসময় পুরো প্রেসক্লাব ও আশেপাশের এলাকা সরকারবিরোধী স্লোগানে প্রকম্পিত করে তুলে যুবদল নেতাকর্মীরা।
এদিকে যুবদলের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে সতর্ক অবস্থানে রয়েছে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
