দীপার সঙ্গে প্রেমের আদ্যপ্রান্ত জানালেন আসিফ নিজেই

এক সময় ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সঙ্গীত তারকা আসিফ আকবর। সেই প্রেমের কথা অনেকের জানা। এবার সেই পুরোনো প্রেম সামনে এনেছেন আসিফ নিজেই। সম্প্রতি প্রকাশিত তার জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’-এ প্রসঙ্গটি স্থান পেয়েছে।

সম্প্রতি প্রকাশিত বইটিতে আসিফ ও দীপার প্রেমের উপাখ্যান বিস্তারিত বর্ণনা করেছেন বইটির লেখক সোহেল অটল।

সেই বই থেকে জানা যায়, শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর আমেরিকা ট্যুরে গিয়ে আসিফ-দীপার ঘনিষ্ঠতা হয়। তাদের প্রেমের সূত্রপাত সেখান থেকেই। টানা কয়েক বছর প্রেম করার পর আসিফ আকবরকে বিয়ের জন্য চাপ দেন দীপা। আসিফকে তার স্ত্রী-সন্তান ছেড়ে আসার জন্যও বলেন।

বইয়ের ২৫১ পৃষ্ঠায় লেখা হয়েছে- ‘একদিন রাত ২ টার সময় আসিফের সঙ্গে তার বাসায় যান দীপা খন্দকার। সেখানে গিয়ে আসিফের স্ত্রী মিতুর কাছে বিয়ের অনুমতি চান তিনি।’

সেদিন দীপা মিতুকে বলেন, আসলে আমেরিকা থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়। এখন ও (আসিফ) আমাকে বিয়ে করতে চাচ্ছে না। বলছে দুই দিক একসঙ্গে সামলাতে পারবে না। আপনি আমাদের বিয়ে করার অনুমতি দিন প্লিজ।

এও জানা যায়, সেদিন আসিফের স্ত্রী তাকে বিয়ের অনুমতি দেননি। এ ঘটনার কিছুদিন পর দীপা খন্দকার বিয়ে করেন নির্মাতা শাহেদ আলী সুজনকে।

আলোচিত বই ‘আকবর ফিফটি নট আউট’ থেকেই জানা যায়, দীপাকে আমেরিকা পাঠিয়ে দিতে চেয়েছিলেন আসিফ। সেখানেই বিয়ে করে রাখতে চেয়েছিলেন অভিনেত্রীকে। দীপা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

বইটির ৩৬২ পৃষ্ঠায় এ প্রসঙ্গে লেখা রয়েছে, ‘দীপার কথা ভাবলে মনে হয়, দীপা ব্যক্তিত্বসম্পন্ন মেয়ে ছিল বলেই তাকে ভালোবেসেছিলেন। শ্রদ্ধাবোধ থেকেই দীপার প্রতি অনুরক্ত হয়েছিলেন। দীপার সঙ্গে প্রেমের সম্পর্কটা নেই আসিফের, তবে শ্রদ্ধাটা রয়ে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *