দর্শকদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ: আরিফিন শুভ

পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। কান উৎসবের চতুর্থ দিন (২০ মে) ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদা-কালোর সমন্বয়ে ড্যাপার বিস্পোকে টাকসিডোর রেড কার্পেটে দেখা মেলে বাংলাদেশি এই অভিনেতার।

নিজের প্রথম কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত আরিফিন শুভ। এক প্রতিক্রিয়ায় নায়ক জানিয়েছেন, ‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো; একেবারে স্বপ্নের বাইরের কোনো কিছুকে ছোঁয়ার মতো। আমি সত্যিই কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার পরিচালক-প্রযোজকদের কাছে।

আমার অসংখ্য ভক্ত-ফ্যান যারা আছেন, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব তাদের যে আস্থা-বিশ্বাস আমার প্রতি আছে, সেটা রক্ষা করতে।’

উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়। যে সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় কিংবদন্তী নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি আগামি সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে।

সিনেমায় আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, তৌকীর আহমেদ, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ সহ বাংলাদেশ ও ভারতের শতাধিক অভিনেতা।

বিগ বাজেটের ‘মুজিব’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *