আমেরিকার দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। অ্যানোনিমাস কনটেন্ট ও ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি (সিএএ) নামক দুটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে হলিউড কিংবা আন্তর্জাতিক কাজ করার সুযোগ পাবেন তিনি।
গণমাধ্যমকে নুহাশ বলেন, ‘আমার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারি সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসব এবং আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর সংস্থা দুটি আমার সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে।’
তিনি আরও বলেন, ‘হলিউডে কোনো বড় কাজ এজেন্ট বা ম্যানেজার ছাড়া হয় না। এই এজেন্ট বিভিন্ন প্রজেক্টের জন্য পরিচালক, অভিনয়শিল্পী বা প্রয়োজনীয় যাবতীয় কিছু জোগাড় করে বা কাজ পাইয়ে দেয়।
অ্যানোনিমাস কনটেন্ট একটি আমেরিকান বিনোদন কোম্পানি। যারা টিভি সিরিজ ট্রু ডিটেকটিভ, নেটফ্লিক্স সিরিজ মি. রোবোটসহ আরও অনেক কাজ করেছে।
ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি বা সিএএ হলো আমেরিকান সংস্থা, যারা প্রতিভা অন্বেষণ করে এবং কাজ করে ক্রীড়া নিয়েও। এ সংস্থার সঙ্গে যুক্ত খ্যাতনামা চলচ্চিত্রকার স্টিফেন স্পিলবার্গ, স্যাম রামির মতো চলচ্চিত্র জায়ান্টরা।
