চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়েছে এক হাজার ৬শ টন গম বোঝাই লাইটার জাহাজ ‘এমভি তামিম’। এসব গমের মূল্য প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকা। নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা ১২ নাবিককে।
বুধবার বেলা ৩টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তিল্লার চর এলাকার কাছে ‘এমভি তামিম’ জাহাজটির তলা ফেটে যায়। জাহাজটির ডুবে যাওয়ার ছবিও এসেছে বিভিন্ন মাধ্যমে।
তবে বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা দাবি করেছেন, জাহাজটিকে পুরোপুরি ডোবেনি, একটি খালে নিয়ে পাড়ে ভেড়ানো হয়েছে।
সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস কর্মকর্তা জামাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং। চট্টগ্রাম থেকে গম বোঝাই করে ঢাকা যাওয়ার পথে জাহাজটি রামগতির পাইলট বিচের তিল্লারচর এলাকায় ডুবে যায়।
ডোবার কারণ জানতে চাইলে তিনি বলেন, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। জাহাজে থাকা ১২ জন নাবিকদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মে) সকালে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে ১ হাজার ৬শ টন গম বোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল জাহাজটি।
এদিকে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, “জাহাজটি পুরোপুরি ডুবে যায়নি। তলদেশ ফুটো হয়ে যাওয়ার পর তিল্লার চর এলাকায় একটি খালে সেটি বিচ করা হয়েছে।”
