‘মনে রাখিস তুই পারফেক্ট হতে পারবি না’, সুহানাকে শাহরুখের বার্তা

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বাবার সৌজন্যে স্টারকিড হিসেবে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত আপডেটের কারণেও অনেক ফ্যান-ফলোয়ারও তৈরি হয়েছে তার।

যে ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে রাজত্ব করে চলেছেন কিং খান, এবার সেই দুনিয়াতেই পা রাখছে মেয়ে। সৌজন্যে জোয়া আখতারের ‘দ্য অর্চিস’। শনিবার প্রকাশ্যে এল এই ছবির টিজার। যা নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে শাহরুখ ভক্তরা।

নেটফ্লিক্সের এই মিউজিক্যালের হাত ধরেই শুধু সুহানা নয়, শোবিজ ইন্ডাস্ট্রিতে আগমন ঘটছে বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরের। সব মিলিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। একসঙ্গে তিন স্টার কিডের ডেবিউ, তাই অনেকেই নেপোটিজম নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।

পড়াশোনা শেষ করে অভিনয়ের জগতে সুহানা। স্বভাবতই আবেগঘন শাহরুখ-গৌরী। এদিন সোশ্যাল মিডিয়ায় সুহানার গর্বিত বাবা শাহরুখ মেয়েকে লম্ব-চাওড়া উপদেশ দিলেন। তবে বাবা হিসাবে নয়, একজন সহ-অভিনেতা হিসাবে সুহানাকে খোলা চিঠি শাহরুখের।

তিনি ‘দ্য আর্চিস’-এর টিজার শেয়ার করে কিং খান লেখেন, ‘আর মনে রেখো সুহানা তুমি কিন্তু কোনওদিন পারফেক্ট হতে পারবে না। কিন্তু নিজের সত্ত্বাটা বজায় রেখো তাহলেই চলবে। উদার মন নিয়ে এগিয়ে চলো, অভিনেতা হিসাবে সবটা উজার করে দাও…ইটপাটকেল আর প্রশংসা, কোনওটাই ধরে রেখো না… তোমার যে অংশটা স্ক্রিনের মধ্যে রয়েছে সেটা সবসময় তোমারই থাকবে… আমার ছোট্ট সোনা তুমি অনেক দূর এসেছো.. কিন্তু মানুষের মনের রাস্তাটা অনন্ত… ভেসে চলো এবং সবার মুখে হাসি ফোটাও, যেভাবে তুমি পারবে। তোমার সঙ্গে থাকুক, লাইট-ক্যামেরা-অ্যাকশন। ইতি- আরেকজন অভিনেতা’।

এই পোস্টের কমেন্ট বক্সে সুহানা লেখেন, ‘লাভ ইউ পাপা’। ভালোবাসায় ডগমগ মেয়েও, বাবার এই উপদেশ আর সাপোর্ট সুহানার কেরিয়ারকে আরও সুন্দর এবং মসৃণ করে তুলবে তা বলাই যায়। শুধু মেয়ে সুহানাই নয়, ছবির প্রত্যেক কলাকুশলীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশা।

তিনি অপর একটি পোস্টে লেখেন, ‘প্রত্যেক খুদের জন্য রইল অনেক শুভেচ্ছা, তোমরা যারা এই সুন্দর পেশায় পা দিচ্ছো, সাফল্য কামনা করি’।

শাহরুখের পাশাপাশি মেয়ে সুহানার ছবির টিজার শেয়ার করে গৌরী খান লিখেছেন, ‘তুই করে দেখিয়েছিস’। জোয়ার দেখানো পথে হেঁটে বলিউডে সফল হবে মেয়ে, বিশ্বাস শাহরুখ-পত্নীর।

কমিক ক্যারেক্টার ‘আর্চি অ্য়ান্ড্রুজ অ্যান্ড হিজ ফ্রেন্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করছেন জোয়া আখতার। তিনজন ‘স্টার কিডস’ ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না এবং যুবরাজ মেন্দাকে। ২০২৩-এ নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। গত ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে ছবির শুটিং।

উল্লেখ্য, লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন সুহানা। দুই বছর আগেই মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে প্রকাশ ঘটে তার। এছাড়া ইংরেজি ভাষার স্বল্পদৈর্ঘ্যে সিনেমা ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’তে অভিনয় করেও নজর কেড়েছেন। এবার দেখার অপেক্ষায় বলিউডে কীভাবে নিজের প্রতিভা তুলে ধরেন সুহানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *