৯ দিন পর ঢাকায় ফিরছেন রাজ-পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ও তরুণ অভিনেতা শরিফুল রাজ ভালোবেসে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে কবুল করে নেন। এরপর এ বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর থেকে সিনেমার ব্যস্ততা আর অসুস্থতার কারণে সেভাবে কোথাও যাওয়া হয়নি রাজ ও পরীর। ঢাকার মধ্যেই টুকটাক ঘুরেছেন। এবার সমুদ্রের নগরী কক্সবাজারে উড়াল দিয়েছিলেন গত ২ মে। ঈদ করতে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, বিস্তীর্ণ সৈকত আর বালিয়াড়ি বেছে নেন এ দম্পতি।

জানা গেছে, ৯ দিনের সফর শেষে ঢাকায় ফিরছেন রাজ-পরী। আজ বুধবার (১১ মে) বিকালে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। তিনি বলেন, বাড়ি ফিরছি…ঢাকার পথে।

তারকা দম্পতির এ সফরকে রাজ-পরীর হানিমুনও বলা চলে। কেননা বিয়ের পর এই প্রথম তারা দূরে কোথাও অবকাশ যাপনে যান। তাদেরকে বরণ করে নিতে কক্সবাজারের হোটেলেও দেখা গেছ বিস্তর আয়োজন। রাজ-পরী যে রুমে থেকেছেন, সেটার বিছানা সাজানো হয়েছে ফুল দিয়ে। টাওয়াল দিয়ে বানানো হয়েছে জোড়া হাঁস। একেবারে হানিমুন দম্পতিদের মতোই আপ্যায়ন।

এদিকে কক্সবাজার যাওয়ার পর থেকে প্রতিদিনই রোম্যান্টিক ছবি শেয়ার করছেন রাজ ও পরী। সঙ্গে জুড়ে দিচ্ছেন ভালোবাসা মাখানো শব্দমালা। সবশেষ বুধবার (১১ মে) সকালে নতুন ফটোশুটের কয়েকটি ছবি আপলোড করেছেন নায়িকা।

যেখানে দেখা যায়, সৈকতে থাকা একটি নৌকার পাশে দাঁড়িয়ে আছেন রাজ-পরী। দু’জনের গায়ে একই নকশার শার্ট। রাজ পরেছেন সাদা প্যান্ট, আর পরীর পরনে হলুদ শর্টস। একে-অপরকে প্রেমময় ভঙ্গিমায় জড়িয়ে আছেন।

ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমি ভাগ্যবান, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি।’

এর আগে নিজের উন্মুক্ত বেবিবাম্পসহ ছবি পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, সমুদ্রপাড়ে রাজ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। সেই পোস্টেও মন্তব্য করার উপায় নেই। কারণ, পরী কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন। নেটজনতার বিরূপ মন্তব্য ঠেকাতেই এমন পন্থা বেছে নেন তিনি। তবে তার সেই ছবি নিয়ে নেটমাধ্যমে কম আলোচনা-সমালোচনা হয়নি। কেউ কেউ তার সাহসের প্রশংসা করলেও বেশির ভাগই কড়া সমালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *