অভিনেতা শরিফুল রাজের সন্তানের মা হতে চলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এ খবর পুরনো। কিছুদিন আগে তার প্রেগন্যান্সি অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। সে ছবি দেখেছেন হাজার হাজার নেটিজেন। ভালো-মন্দ মন্তব্যও করেছেন। এরপর গত ৮ মে মা দিবসে তার অন্তঃসত্ত্বা অবস্থার আরও একটি ছবি শেয়ার করেন পরীমনি।
ওই ছবিতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। হাত দিয়ে রেখেছেন তার অনাবৃত বেবি বাম্পে। পেছন থেকে পরীমনিকে জড়িয়ে ধরে আছেন স্বামী অভিনেতা শরিফুল রাজ। ছবিটির ক্যাপশনে পরীমনি লেখেন, তিনি বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন। সঙ্গে সবাইকে মা দিবসের শুভেচ্ছাও জানান নায়িকা।
পরীমনির ওই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ফেসবুকে। এমন ছবি পোস্ট করায় আলোচিত এই অভিনেত্রীর সাহসিকতার প্রশংসা করেন কেউ কেউ। কিন্তু অধিকাংশ নেটিজেনই তার এ হেন ছবির তীব্র সমালোচনা করেছেন। তবে এ নিয়ে কোনো জবাব দেননি নায়িকা।
এদিকে তাঁর ছবি নিয়ে বিতর্কে নীরব থাকলেও পরীমণি নতুন প্রজন্মের নারী শাশ্বতী বিপ্লব-এর একটি তাৎপর্যপূর্ণ পোস্ট নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন। এভাবেই চিহ্নিত করেছেন নিজের সচেতন অবস্থান।
সেই পোস্টে শাশ্বতী লিখেছেন, ‘এইখানে, দেখার বিষয় পরীমণির পেট না। দেখার বিষয় পরীমণির সৎসাহস এবং অকপটতা। ক্রমশ হিজাব আর বোরখায় ঢেকে যাওয়া মানচিত্রে পরীমণির এই দুঃসাহস আমি ভালবাসি। … হলিউডে, এমনকী বলিউডেও, বহু সেলেব্রিটি নায়িকা স্ফীত উদরের ছবি প্রকাশ করেছেন এর আগে৷ আমরা মুগ্ধ হয়ে দেখেছি। আমার দেশে এর আগে কোনও সেলেব্রিটি এই সাহস দেখায়নি। পরীমণি দেখিয়েছেন।
তিনি বলেন, গর্ভধারণ করলেই পেট দেখিয়ে ছবি পোস্টাতে হবে, এই নিয়ম যেমন কোথাও লেখা নেই, আবার লুকিয়ে ঢেকে-ঢুকে রাখতে হবে, সেটাও কোথাও লেখা নেই। একজন মা, এবং একজোড়া দম্পতি, তাঁদের সন্তানের আগমনকে উদযাপন করছেন তাঁদের মতো করে। তাতে এই মহাবিশ্বের কোনও ক্ষতি হয়নি। মাতৃত্ব সুন্দর। মাতৃত্বের কারণে হওয়া বেবি বাম্প সুন্দর। আপনার দেখতে ইচ্ছা না করলে চোখ বন্ধ করে রাখুন।’
আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে দেখা যায়, শাশ্বতী বিপ্লব-এর এই পোস্ট শেয়ার করে পরীমণি ভালবাসার চিহ্ন এঁকেছেন। যাতে লাইক করেছেন ২৬ হাজারের বেশি মানুষ।
