সন্তানের জন্য বলিউডের সিনেমা ছেড়ে দেন তিশা

গত বছর সিনেমাপাড়ায় সরব ছিল বলিউড সিনেমা ‘খুফিয়া’ নিয়ে। ভারতীয় নির্মাতা বিশাল ভরদ্বাজ বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও বিদ্যা সিনহা মীমকে কাস্ট করতে চেয়েছিলেন তার বলিউড ছবিতে।

তবে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় প্রস্তাব ফিরিয়ে দেন এই দুই অভিনেত্রী। অবশেষে সিনেমায় চুক্তিবদ্ধ হন আজমেরী হক বাঁধন। এ খবর এখন পুরোনো। নতুন করে এটি স্মরণ করিয়ে দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

‘খুফিয়া’ ছবির প্রস্তাব প্রথমে পেয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা। ৯ মে (সোমবার) নিজের ফেসবুকে একটি পোস্ট করেন মোস্তফা সরয়ার ফারুকী। মূলত স্ত্রী তিশাকে মা দিবসের শুভেচ্ছা জানাতেই এই লেখা লেখেন ফারুকী।

সেখানেই তিনি জানান, মা হওয়ার খবর জানার কিছুদিন পরই বলিউড সিনেমার অফার পান তিশা। প্রস্তাবটি ফিরিয়ে দেন তিশা। অন্তঃসত্ত্বা হওয়ায় কোথাও মুভ করতে চাননি তিশা। নিরিবিলি সময় কাটাতেই নির্দ্বিধায় ‘খুফিয়া’র কাজ ফিরিয়ে দেন তিশা।

এছাড়াও মা হিসেবে স্ত্রী তিশার প্রতি আবেগের অনুভূতি প্রকাশে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘চেষ্টা করি যতখানি সম্ভব দায়িত্ব ভাগ করে নিতে। ধরা যাক, ও ডাবিংয়ে গেল, আমি বেবি সিটার হিসেবে ওর সঙ্গে গিয়ে বসে থাকলাম দূরে কোথাও। কিন্তু একজন মাকে সন্তানের জন্য যা যা করতে হয়, যা যা জীবন থেকে ছাড়তে হয়, বাবারা চব্বিশ ঘণ্টা সময় দিলেও মায়ের যে স্ট্রেস, যে কন্ট্রিবিউশন তার ধারেকাছেও যাইতে পারবে না।’

২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান তার নাম ইলহাম নুসরাত ফারুকী। গত ৫ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *