রোববার ছিল মা দিবস। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বিশ্বজুড়ে নানাভাবে উদযাপন করা হয় দিবসটি। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তারকাই মায়ের সঙ্গে ছবি দিয়ে ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করেছেন। কিন্তু দিনটিতে ভিন্ন লুকে নিজেকে প্রকাশ করে মা দিবস উদযাপন করলেন হবু মা পরীমনি।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা রোববার রাত সাড়ে ১১টার দিকে বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেছেন তার ফেসবুকে। সেই ছবিতে সঙ্গে রয়েছেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।
ছবিতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে দুহাতে সযত্নে বেবি বাম্প আগলে রয়েছেন পরী, আর তাকে ভালোবাসার বাহুডোরে জড়িয়ে আছেন রাজ।
সেই ছবির ক্যাপশনে পরীমনি জানান, অন্তঃসত্ত্বাকালের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে রয়েছেন তিনি।
পরীমনি লেখেন, ‘এই যে দ্বিতীয় ত্রৈমাসিক। শুভ মা দিবস।’ সেই সঙ্গে রাজের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।

ক্যাপশনে তিনি চিত্রগ্রাহক আরিফ আহমেদকে এমন দারুণ ছবি তুলে দেয়ার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি।
১২ ঘন্টায় পরীর সেই ছবিটি পছন্দ করেছেন দেড় লাখের বেশি মানুষ। শেয়ারও হয়েছে সহস্রাধিক। ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় তারকাকে।
প্রসঙ্গত, কক্সবাজার সফরে পরী ও রাজের সঙ্গে আছেন পরীমণির নানা শামসুল হকও। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন এই চিত্রনায়িকা।
লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে… আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’
উল্লেখ্য, পরিমনি মা হচ্ছেন খবরটি ছিল ১০ জানুয়ারির। সেদিন অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার বিয়ের খবরও জানিয়েছেন। মা হওয়ার সময়টাতে কোনো রকম ঝুঁকি নিতে চান না। তাই অনেকদিন ধরে শুটিং থেকেও বিরত আছেন।
