মায়েদের প্রতি আবেগ, ভালোবাসা প্রকাশের জন্য দিনক্ষণ দরকার হয় না। মানুষ তবুও আনুষ্ঠানিকতা ভালোবাসে। যেকোনো বিষয় উদযাপনকে স্থায়ী করতে বেছে নেয় বিশেষ কোনো দিন।
সে জায়গা থেকে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বিশ্বজুড়ে উদযাপন করা হয় ‘মা দিবস’। বিশেষ এ দিনে মা ও মাতৃস্থানীয়দের প্রতি আবেগের বহিঃপ্রকাশ দেখা যায় দেশে দেশে।
এ বছর মের দ্বিতীয় রোববার মা দিবস উদযাপন করছে ৪৬টি দেশ। এ দেশগুলোর একটি বাংলাদেশ।
দিনটিতে মা ও মাতৃতুল্যদের প্রতি ভালোবাসার প্রকাশ নানাভাবে করছেন সাধারণ থেকে তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে অনুভূতি আর ভালোবাসা প্রকাশ করেছেন অনেক তারকা। তাদের একজন চিত্রনায়িকা বুবলী।
এদিন ফেসবুকে মায়ের সঙ্গে পোস্ট করেছেন বেশ কয়েকটি হাস্যোজ্জ্বল ছবি। ক্যাপশনে তিনি লেখেন, ‘আম্মু আমার অক্সিজেন, আমার পৃথিবী। পৃথিবীর প্রতিটি মাকে মা দিবসের শুভেচ্ছা।’
অভিনেত্রী জয়া আহসান মায়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। এর মধ্যে এক ছবিতে সঙ্গে রয়েছেন তার মা ও বোন।
ছবিগুলো পোস্ট করে জয়া লেখেন, ‘শুভ মা দিবস।’
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার মা ও শাশুড়ির সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘সব মাকে মা দিবসের শুভেচ্ছা। আপনাদের সবার চমৎকার উদযাপন আশা করছি।’
এ সময়ের ব্যস্ত চিত্রনায়িকা পূজা চেরি। মায়ের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘তুমি আমার বিস্ময়কর, অসাধারণ মা। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’
