প্রতি লিটার ১১০ টাকা দরে এক কোটি পরিবারের কাছে সয়াবিন তেল বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী জুন থেকে ন্যায্যমূল্যে এ তেল কিনতে পারবেন টিসিবি কার্ডধারীরা।
শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
সরকারি বার্তা সংস্থা বাসসকে বাণিজ্য সচিব বলেন, আগামী জুন থেকে আমরা এক কোটি কার্ডধারী পরিবারের কাছে একই দামে সয়াবিন তেল বিক্রয় করব। সরকার টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমদানির পরিকল্পনা নিয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সঙ্গে ইতোমধ্যেই রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে সয়াবিন তেল ক্রয়ের জন্য যোগাযোগ করা হয়েছে।
সম্প্রতি বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর থেকে সরকার দেশবাসীকে সর্বনিম্ন মূল্যে এই তেল সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছে।
উল্লেখ্য, বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনসপতি ম্যানুফ্যাকসার্স অ্যাসোসিয়েশন গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৮ টাকা করে বাড়িয়ে ১৯৮ টাকা পুনঃনির্ধারণ করে। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা মূল্য পুনঃনির্ধারণ করা হয়।
