গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম খ্যাত আশরাফুল আলমের বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছিল। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বয়ং হিরো আলম।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ফেসবুক লাইভে এসে আশরাফুল আলম বলেন, আমার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমার স্ত্রী নুসরাতের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কয়েকজন আমার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে।
হিরো আলম বলেন, আমি হিরো আলম জিরো থেকে হিরো হয়েছি। এখন তাই আমার পেছনে শত্রু লেগেছে। গত কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনা চলতেছে হিরো আলমের একাধিক মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক থাকায় তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, যা সম্পূর্ণ মিথা কথা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাতের সঙ্গে একটি ‘বিচ্ছেদ চিঠি’ ঘুরে বেড়াচ্ছিল। যা নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
এ বিষয়ে হিরো আলম বলেন, এর আগে একটি ডিভোর্স পেপার ফেসবুকে আপনারা দেখেছেন তা সত্য। কিন্তু সেটা অনেক দিন আগের। আমার আর নুসরাতের মাঝে ঝামেলা হয়েছিল। আমরা ডিভোর্স দিতেও চেয়েছিলাম। সেই অনুযায়ী চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু দুই মাসের মধ্যে আমাদের ঝামেলা মিটে যায়, আবার আমরা একসঙ্গে থাকতে শুরু করি। এখন আমাদের ঝামেলা নেই।
তিনি বলেন, একটি চক্র আমাদের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বলছে, আমাকে নাকি নুসরাত ডিভোর্স দিয়েছে। আমাকে যদি ডিভোর্স দিয়ে থাকে, তাহলে আপনারাই নুসরাতকে ফোন দেন। দেখেন সে কী বলে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে নিয়মিত। আমি নাকি বিভিন্ন মেয়ের সঙ্গে নানা রকম অনৈতিক সম্পর্কে জড়িত। এর সবই মিথ্যা।
হিরো আলম বলেন, আল্লাহপাক যদি আমাকে সম্মান দেন, আপনারা যতই চেষ্টা করুন আমার সম্মান নষ্ট করতে পারবেন না। আমি সৎ পথে আছি, সৎ পথেই থাকব।
