মির্জাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৮ পরিবার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মুজিববর্ষে ভূমি ও গৃহপ্রদান কার্যক্রমের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তরের জন্য আরও ১৮টি ঘর প্রস্তত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ১ম পর্যায়ে ৩০৭ ও ২য় পর্যায়ে ৭০ গৃহহীন ও ভুমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এবং ৩য় পর্যায়ে মির্জাপুরে আরও ১৮ পরিবারকে ঘর উপহার দেওয়া হবে। প্রস্ততকৃত এসব ঘরের মধ্যে রয়েছে তরফপুর ইউনিয়নে ১৫টি ও বানাইল ইউনিয়নে ৩টি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপকারভোগীদের মধ্যে সম্পাদিত দলিল, নামজারি খতিয়ান, গৃহপ্রদানের সার্টিফিকেট পৃথকভাবে প্রতিজন উপকারভোগীর মধ্যে হস্তান্তর করা হবে। ভূমি ও গৃহপ্রদান কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে মির্জাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন শূন্য করা হবে।

২৬ এপ্রিল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল-০৭ আসনের এমপি খান আহমেদ শুভসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও উপকারভোগীগণ অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *