এত টাকা কামাব এটা জীবনেও কোনো দিন ভাবিনি: আ খ ম হাসান

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। তার জনপ্রিয়তার মূলে রয়েছে তার রম্য অভিনয় শৈলী।

আ খ ম হাসান কিছু নাটকে সিরিয়াস ক্যারেক্টারে অভিনয় করলেও তাকে রম্য চরিত্রে দেখতেই বেশি আগ্রহী মানুষ। ২১ এপ্রিল (বৃহস্পতিবার) ছিল এই রসাত্মক টিভি অভিনেতার জন্মদিন।

তবে জন্মদিনটি ফেসবুকে গোপন করে রেখেছেন আ খ ম হাসান। দিনটি তিনি ঘটা করে উদ্‌যাপন করতে পছন্দ করেন না। বিশেষ এই দিনে শুটিং থাকলেও সেটি প্যাকআপ হয়েছে। শুটিং থেকে বাসায় ফেরার পথে জন্মদিন, ঈদ নাটকসহ বিভিন্ন বিষয়ে কথা বললেন এক জাতীয় দৈনিকের সঙ্গে।

আ খ ম হাসান বলেন, আমি কখনোই জন্মদিন পালন করি না। ৩০ বছরের পর জন্মদিন পালন করার কিছু নেই। পরিবারের অন্যদেরও বলে দিয়েছি দিনটিতে কিছু না করতে। অন্য দিনের মতোই দিনটি কাটাই। তবে আমার সন্তানদের জন্মদিন পালন করি।

সম্প্রতি গায়িকা সালমার সঙ্গে দ্বৈত গান ফেসবুকে প্রকাশ পেয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ অনুরোধে গান করেছি। আমি তো গানের মানুষ না। গানটি দর্শক পছন্দ করেছেন। অনেক সাড়া পাচ্ছি। মনে হচ্ছে, চেষ্টা সফল হয়েছে। গান গাওয়ার এ চর্চাটা শৈশব থেকেই ছিল। শৈশবের চর্চাটাই দীর্ঘদিন পর কাজে লাগছে।

আ খ ম হাসান বলেন, শৈশবে নিজে টাকা জমিয়ে গান শিখেছি, তবলা বাজানো শিখেছি। আরতি ধর নামে একজন আমাকে গান শেখাতেন। একটা মজার গল্প বলি, সেই সময় আমার কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে নিচতলা থেকে একজন দেখতে এসেছিলেন, কে গায়। আমার মতো চেংড়া ছেলের মুখে রবীন্দ্রসংগীত শুনে অবাক হয়েছিলেন সেই ভদ্রলোক। তখন গান গেয়ে পরিচিতজনদের কাছে অনেক প্রশংসা পেতাম। তখন ইচ্ছা ছিল গায়ক হব। পরে থিয়েটারে চলে আসি। অভিনয় শিখতে থাকি। অনেক পরে বাবু ভাই, চঞ্চল, শামীম ও আমি—চারজন মিলে একটা অ্যালবামও বের করেছিলাম।

কখনো কি মনে হয়েছে, অভিনয় না করে গান করলে ভালো করতেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, কখনোই মনে হয়নি। তবে শুধু গানটাই করে গেলে গান করলে আমি ব্যাপক জনপ্রিয় শিল্পী হতাম। এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। কারণ, আমি গানের সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন খুব ভালোভাবে দিতে পারতাম, শরীরের সঙ্গে একাত্ম হতে পারতাম। দেখেন, আজম খান কিন্তু শুধু দাঁড়িয়ে গাইতেন না। গান করার সময়ও তাঁর মধ্যে অ্যাক্টিং থাকত। জেমসের গানের সঙ্গে মুখের এক্সপ্রেশন কিন্তু অন্য কিছু দাঁড় করায়। মাইকেল জ্যাকসনের গানের সঙ্গে যদি নাচ, এক্সপ্রেশন না থাকত তাহলে আমি শিওর, তিনি মাইকেল জ্যাকসন হতে পারতেন না।

আ খ ম হাসান বলেন, একজন অভিনেতা হিসেবে আমি খুশি—যে কারণে নারায়ণগঞ্জ থেকে আমি ঢাকায় আসতাম, থিয়েটার করতাম। তখন ভবিষ্যৎ কী হবে কোনো ধারণাই ছিল না। উদ্দেশ্যহীনভাবে কাজ করেছি। এত টাকা আয় করব, জনপ্রিয় হব, এটা জীবনেও কোনো দিন ভাবিনি। সব হয়েছে, এটা সৌভাগ্য মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *