রংপুরে দীর্ঘ ২৭ বছর পর দুদকের মামলার রায়

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: নীলফামারী জেলার কিশোরগঞ্জের খাদ্য গুদাম থেকে ১৫ লাখ ৪১ হাজার টাকা মূল্যের গম বিক্রি করার অভিযোগে করা দুদকের মামলার রায় দিয়েছেন আদালত।

রায়ে সাবেক খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল মতিনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলাটি করার ২৭ বছর পর মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে রংপুরের বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।

রংপুরের স্পেশাল জজ আদালতের দুদক আইনজিবী হারুনর রশীদ এ্যাডভোকেট বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কিশোরগজ্ঞ খাদ্য গুদামে কর্মরত থাকাকালে সাবেক খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল মতিন দুই দফায় ২ লাখ ৪১ হাজার টাকা ও ১৩ লাখ টাকার গম গুদাম থেকে কালোবাজারে বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় দুৃদক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

দুই মামলায় মোট ২২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামী আব্দুল মতিনকে দোষি সাব্যস্ত করে দুই মামলায় ৭ বছর করে ১৪ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি আব্দুল মতিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

দুদক আইনজিবী এ্যাডভোকেট হারুন জানান, এই মামলাটি দুর্নীতি দমন ব্যুরো থাকাকালে রুজু করা হয়েছিল। দুই মামলার মধ্যে একটি মামলার বাদী ছিলেন কিশোরগঞ্জ খাদ্য গুদাম নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ এবং অপর মামলার বাদী ছিলেন তৎকালিন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আব্দুস সবুর।

দুদক মামলাটি সাক্ষ্য ও দালিলিক প্রমাণ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *