ভক্তদের জন্য প্রথা ভাঙলেন সিয়াম-পূজা

ঢাকাই সিনেমার তারকা জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি। ঈদুল ফিতরে মুক্তি পাবে তাদের ‘শান’ সিনেমা। পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে সিনেমাটির গান।

‘চলো পাখি হই’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রসেন। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গেয়েছেন বলিউডের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছাল।

নববর্ষে গানটি দর্শকদের জন্য উপহার। এ বিষয়ে সিয়াম আহমেদ বলেন—‘‘দর্শকদের তুমুল আগ্রহের পরিপ্রেক্ষিতে ‘শান’ সিনেমার পক্ষ থেকে দর্শকদের জন্য নববর্ষের উপহার হিসেবে মুক্তি পেয়েছে ‘চলো পাখি হই’।’’

সিনেমাটির পরিচালক এম রাহিম মনে করেন প্রথা ভেঙে মুক্তি পেয়েছে ‘শান’ সিনেমার এই গান। তা জানিয়ে এই পরিচালক বলেন— ‘বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাধারণত বড় কোনো কনটেন্ট (টিজার, ট্রেলার, গান) সন্ধ্যায় মুক্তি পায়। কিন্তু প্রথা ভেঙে এবার গানটি পয়লা বৈশাখের সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হলো। কারণ গানটি নববর্ষের উপহার, তাই দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেওয়া হয়েছে।’

এই সিনেমার মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশ থ্রিলার গল্প হওয়ায় সিনেমার শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো ’শান’। দর্শকদেরই সেই আগ্রহ মিটাতে ঈদে আসছে সিনেমাটি।

ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

সিয়াম-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *