দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: কারণ ও করণীয়’ নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: কারণ ও করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিসিক বাসষ্টান্ডে অবস্থিত মহিলা কলেজে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অ্যাকাডেমিক ভবন-১ এর রবীন্দ্র লেকচার থিয়েটারে অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজমের সভাপতিত্বে ও শিক্ষক শারমিন সুলতানার সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিভাগের শিক্ষক মোঃ আরিফুল ইসলাম ও বিজন কুমার। বক্তারা দাম বৃদ্ধির অতীত ও বর্তমান প্রেক্ষাপট, দাম বৃদ্ধির কারণ ও প্রতিকারের সম্ভাব্য উপায় সম্পর্কে আলোচনা করেন।

প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, আমাদের মূল্যস্ফীতি একদিনে হঠাৎ করে হয়নি। বিশেষত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমদানীকৃত দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়েছে। এ কারণে দ্রব্যমূল্য বেড়েছে। তিনি আশা করেন আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে দ্রব্যের দাম নাগালের মধ্যেই চলে আসবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, তেল ও গ্যাসসহ যাবতীয় পণ্যের উপরে ভ্যাট-ট্যাক্স যথাযথ পরিমাণে উঠিয়ে নিতে হবে।

করোনা মহামারীর কবল থেকে যখন সাধারণ মানুষ ঘুরে দাড়াতে শুরু করেছে, তখনই দ্রব্যের বাড়তি দাম তাদের জন্য বোঝায় পরিণত হয়েছে। তাই সরকারের নীতি-নির্ধারকদের হাতে যেসব উপকরণ আছে সেসব সঠিকভাবে প্রয়োগের এটিই উপযুক্ত সময়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ‘পাগলা ঘোড়া’ দিন দিন ছুটে চলছে। টিসিবির লাইনে এখন মধ্যবিত্তরাও দাঁড়াচ্ছেন, যা সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশাকে ইঙ্গিত করে।

তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় সমন্বয়হীনতা। সরকারের উচিত এসব পণ্যবাজার স্থিতিশীল রাখতে সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং সমন্বয়সাধন করা।

এছাড়াও তিনি বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে দেয়া এবং সুশাসন ও ন্যায্যতা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *