লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র

আসন্ন ঈদের সময় নৌযাত্রা নির্বিঘ্ন করতে জাতীয় পরিচয়পত্র ছাড়া (এনআইডি) লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদে নৌপথ নিরাপদ রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ঈদযাত্রা উপলক্ষে নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সরকার। ঈদের পর আমরা আরও কঠোর হবো। সেটি হবে স্থায়ী পদক্ষেপ।

তিনি বলেন, টিকিট সংগ্রহের আগে এনআইডির কপি দিতে হবে। কেবিন বা ডেকে হোক, লঞ্চে উঠতে গেলে তাকে পরিচয়পত্র সরবরাহ করতে হবে। অন্যথায় আমাদের পক্ষে টিকিট দেওয়া সম্ভব হবে না। মালিক-শ্রমিক সবাই মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়ার প্রলোভন দিয়ে অতিরিক্ত যাত্রী লঞ্চে উঠানো যাবে না।

ঈদের ৫ দিন আগে থেকে সাময়িকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হলেও ঈদের পর স্থায়ীভাবে তা কার্যকর করা হবে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ঈদের ছুটি যেন ধারাবাহিকভাবে দেওয়া হয় সেই চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেওয়ার ক্ষেত্রে বিজিএমইএসহ সংশ্লিষ্টরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

প্রতিমন্ত্রী বলেন, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সারাদেশে চলাচলকারী বালুবাহী নৌযান বা বাল্কহেডসমূহ ঈদের দিনসহ ঈদের আগে ৫ দিন ও ঈদের পরে ৫ দিন এই মোট ১১ দিন বন্ধ থাকবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই সমন্বয় করে যাত্রী সেবা নিশ্চিত করতে চাই। আমরা শতভাগ চেষ্টা করবো। আমরা যেমন যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছি, তেমন যাত্রীদের কাছেও আমাদের আবেদন তারাও যেন নির্দেশনাগুলো অনুসরণ করে। গণমাধ্যমে আমরা নির্দেশনাগুলো প্রচার করে। অপরিকল্পিতভাবে তারা যেন ঈদযাত্রা না করে সেটা আমাদের অনুরোধ থাকবে যাত্রীদের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *