জামিন পেলেন বিজ্ঞানশিক্ষক হৃদয় মণ্ডল

মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের জামিন হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন।

আইনজীবী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বিকাল বা সন্ধ্যার দিকে হৃদয় মণ্ডলের মুক্তি হতে পারে।

প্রসঙ্গত, গত ২২ মার্চ সকালে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠে। এ ঘটনায় বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে না পেরে প্রধান শিক্ষক আলাউদ্দিন আহম্মেদ পুলিশকে জানান।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শিক্ষক হৃদয় মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় বিদ্যালয়ের ইলেকট্রিশিয়ান আসাদ বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা করেন।

এরপর মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৮ মার্চ ও ৪ এপ্রিল তার জামিন আবেদন করা হলেও আদালত নাকচ করেন সেই আবেদন।

হৃদয় মণ্ডল প্রায় ২১ বছর ধরে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান বিষয় পড়ান। পরিবার নিয়ে স্কুলের পাশে একটি কোয়ার্টারে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *