মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার ৭ জন টিকা প্রদানের মাধ্যমে উপজেলা পর্যায়ে দ্বিতীয় অবস্থানে মাইলফলক অর্জন করেছে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। টিকা প্রদানে সরকারের বেধে দেয়া নির্ধারিত সময়ের দুই মাস পূর্বেই তারা তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের গত ৭ এপ্রিলের তথ্যমতে, এ উপজেলায় সর্বমোট জনসংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৭৭ জন। এ্যাস্টেজেনকা, ভোরোসেল, সিনোফার্ম, ফাইজারসহ টিকা মোট ৩ লাখ ৫৫ হাজার ৭শত ৪ ডোজ, এতে পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৪ শত ৪৭ ডোজ, মহিলা ১ লাখ ৯২ হাজার ২ শত ৯ ডোজে গড়ে ৭৩. ৫ শতাংশ মানুষ প্রথম ডোজ টিাকা নিয়েছে।
৩ লাখ ৪২ হাজার ৯ শত ২১ ডোজের মধ্যে পুরুষ ১ লাখ ৫৮ হাজার ৩ শত ৩৬ ডোজ, মহিলা ১ লাখ ৮৪ হাজার ৫ শত ৯৫
ডোজে গড়ে ৭০.৮৪ শতাংশ মানুষ ২য় ডোজ টিাকা নিয়েছে। ১৫ হাজার ৩ শত ৪ ডোজের মধ্যে পুরুষ ৭ হাজার ৩ শত ৮৪ ও মহিলা ৭
হাজার ৯ শত ৫৬ ডোজে গড়ে ৩ শতাংশ মানুষ টিাকা নিয়েছে। বর্তমানে ভ্যাকসিন মজুদ রয়েছে ২২ হাজার ৪শত ৫ ডোজ।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইজাজুল হক বলেন, আমরা সরকার নির্ধারিত কর্মসূচীর বাইরেও টিকা প্রদান ক্যাম্পেইন করেছি, টিকা গ্রহণের জন্য মানুষকে বিভিন্নভাবে উৎসাহিত করেছি। জনবল কম থাকলেও উধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আমরা এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম এই প্রতিবেদককে জানান, প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কৃতজ্ঞতা জানাই, উপজেলা পর্যায়ের সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তাসহ সকল মির্জাপুর উপজেলাবাসীকে। কারণ সকলের আন্তরিকতা ও সহযোগিতার ফলেই আমরা প্রায় ৭ লক্ষাধিক টিকা প্রদানের মাইলফলক অর্জন করতে পেরেছি।
আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, তবে যেকোনো অতিমারি ও মহামারি মোকাবেলা করতে পারব এবং ভবিষ্যতে আমরা আরও সচেষ্ট থাকব যেন প্রত্যেক মির্জাপুরবাসীকে এই ভ্যাক্সিনের আওতায় আনতে পারি।
