ঈদ সামনে রেখে বিগ বাজেটের তারকাবহুল সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। এই তালিকায় রয়েছে শাপলা মিডিয়ার ‘বিদ্রোহী’। এর নির্মাতা শাহীন সুমন। শাকিব খান-বুবলী জুটির এই সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়েছে।
ট্রেইলারে অ্যাকশনের পাশাপাশি রোমান্স দেখা গেছে। সংলাপের এক পর্যায়ে শাকিব খানকে বুবলী বলেন, তুমি এখনও লোকাল হিরো। ত্রিভুজ প্রেমের টানাপড়েনে বুবলী চ্যালেঞ্জ ছুড়ে দেন বিয়ে যদি করি সূর্যকেই করবো। এতে সূর্য চরিত্রে শাকিব খানকে দেখা যাবে।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশের পর ইতিবাচক মন্তব্যে ভরে গেছে কমেন্টস বক্স। শাকিবিয়ানদের বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।
রুবেল নামের একজন লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, অভিনয় জগতের সম্রাট, আমাদের সকলের প্রিয় কিং খান, শাকিব খানের বিদ্রোহী মুভিটার জন্য রইল আগাম শুভকামনা।’
সিনেমাটি ঈদে মুক্তির অনুরোধও করেছেন অনেকে। গাজী নামের একজন লিখেছেন, ‘বসের নতুন ছবিটার জন্য অপেক্ষায় রইলাম। শুভ কামনা রইল বসের জন্য।’
২০১৮ সালে এ সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল। শুরুতে নাম ছিল ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’। পরে একাধিকবার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিদ্রোহী’। ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলে করোনার কারণে তা সম্ভব হয়নি। এবার ঈদের মুক্তি পাচ্ছে সিনেমাটি। এমনটাই জানা গেছে শাপলা মিডিয়ার সূত্রে।
সিনেমাটিতে শাকিব-বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নবাগত সুচিস্মিতা মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, জাদু আজাদ প্রমুখ। এফডিসি, আফতাবনগর, পূবাইলসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে এটির।
