‘ইলিয়াস কাঞ্চন ও নিপুণ যা করলেন তা ইতিহাস হয়ে থাকবে’

মিশা-জায়েদদের দুই মেয়াদের শাসনামলে ১৮৪ জন অভিনয়শিল্পী চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অন্যায়ভাবে তাদের সদস্যপদ হারিয়েছেন বলে অভিযোগ। সেই ১৮৪ জন থেকে ১০৩ জনের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তের পর সদস্যপদ ফিরে পাওয়া শিল্পীরা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘কাঞ্চন-নিপুণ যা করলেন তা ইতিহাস হয়ে থাকবে।’

বুধবার শিল্পী সমিতির কার্যকরী পরিষদের এক বৈঠকে ১০৩ জন শিল্পীর সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে দেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক। এর পরই এফডিসির ভেতরে আনন্দে উল্লাসে ফেটে পড়েন সদস্যপদ ফিরে পাওয়া শিল্পীরা।

সদস্যপদ হারানোদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ আসে গত ফেব্রুয়ারিতে। সেই আদেশের বলেই বুধবার ১০৩ জনকে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান সাইমন। অভিনেতা আরও জানান, ‘গত কমিটি ১৮৪ জনের ভোটাধিকার বাতিল করেছিল। তাদের মধ্যে ২০ জন মারা গেছেন। বাকিদের খোঁজ-খবর এখনো পাওয়া যায়নি।’

এদিকে ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে আনন্দে ভাসছেন এতোদিন ভোটাধিকার বঞ্চিত শিল্পীরা। এ নিয়ে আন্দোলন কম হয়নি। আদালতের বারান্দাতেও গিয়েছেন তারা। পদ ফেরত পাওয়াদের দলে থাকা একজন অভিনেতা শান আরাফ।

ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। এর মাধ্যমে প্রমাণ হলো আমাদেরকে সহযোগী সদস্য করা জায়েদ খানের ভুল সিদ্ধান্ত। সে অন্যায়ভাবে আমাদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। আজ কাঞ্চন-নিপুণ এসে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। এই ১০৩ জন শিল্পীর ভালোবাসা ও দোয়া তাদের প্রতি আজীবন থাকবে।’

অন্যদিকে কমিটির সদস্য পদ থেকে অভিনেত্রী রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করায় নায়ক রিয়াজকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে; বুধবার শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন তাঁকে শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চনের পা ছুঁয়ে সালাম করতে দেখা যায় রিয়াজকে। এসময় উপস্থিত ছিলেন নিপুণসহ শিল্পী সমিতির সাইমন সাদিক, অঞ্জনা, অমিত হাসান, জেসমিন, জাদু আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *