৮ মাস ধরে চার বছরের মেয়ের সর্বনাশ করছিলেন বাবা

বরগুনা- বরগুনায় বাবার বিরুদ্ধে চার বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় যাওয়ার পর মামলা না নিয়ে উল্টো থানা থেকে ভুক্তভোগী শিশুটির মা’কে থানা থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি বশিরুল আলম।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, তার অনুপস্থিতিতে গত ৮ মাস ধরে বিভিন্ন সময় চার বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করে আসছেন তার বাবা। এ ঘটনায় বিভিন্ন সময় শ্বশুরবাড়ির স্বজনদের ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি মেয়েটির মা। সর্বশেষ থানায় অভিযোগ করতে গেলেও মামলা না নিয়ে উল্টো থানা থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ করেন ভুক্তভোগী শিশুটির মা।

তবে এমন অভিযোগ অস্বীকার করেন বামনা থানার ওসি মো. বশিরুল আলম। তিনি বলেন, শিশুটির মা আমার কাছে আসেননি। এমন কোনো অভিযোগ পেলে আমাদের সিনিয়র অফিসারসহ আমরা দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা করি।

ধর্ষণের শিকার শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা সংকটাপন্ন। বরগুনা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটির দেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এখন সে অনুযায়ী তার চিকিৎসা চলছে।

ইতোমধ্যে পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা নেয়ার পাশাপাশি ওসির বিরুদ্ধ আনা অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা পুলিশ প্রধানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *