র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার সুইচ অন-অফের মতো নয়: মোমেন

র‌্যাব ও এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দীর্ঘ প্রক্রিয়া পার হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘দায়িত্ব পালনকালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কিছু প্রসেস আছে। সেটা আমাদের কমপ্লিট করতে হবে। র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার সুইচ অন-অফের মতো নয়।’

সোমবার (৫ এপ্রিল) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়। সেখানে র‌্যাব গঠন এবং নিষেধাজ্ঞা পরবর্তী চার মাসে এ এলিট ফোর্সের কাজের অগ্রগতি তুলে ধরেন মোমেন।

বৈঠক শেষে তিনি বলেন, ‘আমি বললাম, র‌্যাব আমাদের দেশে এমন সময়ে তৈরি হয়েছিল, যখন দেশে সন্ত্রাস, জিহাদি- এগুলোর উৎপাত খুব বেশি ছিল। একদিনে ৪৯৫টা বোমাবাজি হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা হয়, যার ফলে ২৪ জন লোক মারা যায়, ৩৭০ জন আহত হয়। সারাদেশে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, ওই সময়ে তৈরি হয়েছিল।’

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওদের প্রসেস আছে। এটা আমাদের কমপ্লিট করতে হবে। এ দেশে প্রায় জিনিসেরই দেওয়ার আর মেনি প্রসেসেস। সুইচের মতো না যে এক দিনে অন আর অফ করতে পারবে।’

বাংলাদেশে অনেক কিছু সহজে করা গেলেও যুক্তরাষ্ট্রে সেভাবে করা যায় না মন্তব্য করে মোমেন বলেন, আমাদের দেশের সরকার ইয়েস বললে ইয়েস হয়ে গেল। এখানে অনেক সময় চাইলেও পারে না।

‘র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আমি খুবই আশাবাদী,’ যোগ করেন তিনি।

ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সে সময় ড. মোমেন বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। সে কারণে বিএনপিকেও নির্বাচন অংশ নেওয়া প্রয়োজন। বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সাহায্যও চান তিনি।

মোমেন ব্লিনকেনকে ২০১৩ সালে স্থগিত করা জিএসপি সুবিধা নতুন করে দেওয়ার জন্যও অনুরোধ করেছিলেন। জবাবে ব্লিনকেন বলেছেন যে তারা বাংলাদেশের শ্রমবিষয়ক সমস্যাগুলো নিয়ে অভিযোগগুলো সম্পর্কে জানেন।

ব্লিনকেনকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘তারা বলেছেন যে আমরা যদি শ্রম ব্যবস্থার উন্নতি করতে পারি, তাহলে তারা জিএসপি সুবিধা পুনর্বহাল করতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *