Home প্রধান খবর সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত

সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত

0
194

টিপ পরায় কলেজশিক্ষককে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগকারী শিক্ষকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর কথা স্বীকার করায় তাকে সাময়িক বরখাস্ত করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগ। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘যেহেতু তার (নাজমুল তারেক) বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এখন তদন্ত হবে। সে জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন সে কোনো দায়িত্বে থাকবে না। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এক শিক্ষিকা শনিবার অভিযোগ করেন, তেজগাঁও এলাকায় পুলিশের ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তি তাকে উত্ত্যক্ত করেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি নিয়ে তদন্তে নামে পুলিশ।

সোমবার সকালে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া জানান অভিযুক্ত কনস্টেবলকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম নাজমুল তারেক। পুলিশ লাইনে সংযুক্ত থেকে তিনি ভিআইপি, ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।

শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগে বলা হয়, ওই প্রভাষক সকাল ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে ফার্মগেট মোড় পার হয়ে তেজগাঁও কলেজের দিকে যাওয়ার সময় সেজান পয়েন্টের সামনে মোটরবাইকের ওপর বসে এক ব্যক্তি বলেন, ‘ওই, টিপ পরছোস ক্যান’? শিক্ষিকা পেছন ফিরে প্রতিবাদ করলে পুলিশের ইউনিফর্ম পরা ওই ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন (লেখার যোগ্য নয়)।

অভিযোগে উল্লেখ করা হয়, গালিগালাজের একপর্যায়ে ওই ব্যক্তি বাইক স্টার্ট করে ওই নারীর গায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যাচ্ছিলেন। ওই নারী পিছিয়ে গেলেও তার পায়ে আঘাত লাগে। বাইকটির নম্বর ১৩৩৯৭০ হতে পারে বলে অভিযোগে উল্লেখ করেন ওই নারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here