বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির দুর্ভাগ্য বেগম জিয়াকে ছাড়া ইফতার করতে হচ্ছে। রোববার (৩ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রতি বছর আমরা ১৬ কোটি মানুষের প্রিয় মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেছি। দুর্ভাগ্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের কাছে থেকে ৮ হাজার মাইল দূরে নির্বাসিত অবস্থায় রয়েছেন।
তিনি বলেন, রমজানে আল্লাহর কাছে দোয়া করি যেন খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। তিনি যেন সুস্থ হন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি।’
বক্তব্যে রোজার মাসে নিত্যপণ্যের দাম বাড়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ভেবেছিলাম রমজানে দ্রব্যমূল্য কমবে, না কমলেও বাড়বে না। কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির পর আমরা দল ও জনগণের পক্ষ থেকে প্রতিবাদ করেছি। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপিজি গ্যাসের দাম আবারও বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।’
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার।
