অনাস্থা প্রস্তাব খারিজ, টিকে রইলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরোধী পক্ষের উত্থাপন করা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এর ফলে এবারের মতো ক্ষমতা হারাতে হচ্ছে না তারকা ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া এই নেতাকে।

প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ইমরান খান জয়ী হবেন কি না, সে প্রশ্নে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোট ছিল রোববার (৩ এপ্রিল)। এদিন দুপুরে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতেই ওই প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাশিম সুরি। ব্যাপারটিকে তিনি আখ্যা দিয়েছেন ‘অসাংবিধানিক’ বলে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

এর আগে রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে সরকারবিরোধী দলগুলো। আর এ কারণে আজকের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।

গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। গত ২৮ মার্চ জাতীয় পরিষদে আলোচনার জন্য অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। বিধি অনুযায়ী, প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম তিন দিন থেকে সর্বোচ্চ সাত দিন সময় নেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *