সংসদ ভেঙে দিতে বললেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতায় টেকা-না টেকা নিয়ে বিরোধী পক্ষ যে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিল, তা খারিজ হয়ে যাওয়ার পর এবার পার্লামেন্ট ভেঙে দিতে নিজেই পরামর্শ দিয়েছেন ইমরান।

রোববার দুপুরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ওই প্রস্তাব খারিজ হয়ে যায়। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। এ সময় তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেন।

দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ায় জাতিকে অভিনন্দন জানিয়ে ইমরান খান বলেন, ‘ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি উদ্বিগ্ন অনেকের কাছ থেকে বার্তা পেয়েছি। জাতির সামনে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।’

‘আমি বলতে চাই, ঘাবড়ানোর কিছু নেই। সৃষ্টিকর্তা পাকিস্তানের পক্ষে আছেন’, যোগ করেন তিনি।

ইমরান খান জানান যে, তিনি লিখিতভাবেও প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রপন্থীদের জনগণের কাছে যেতে হবে। নির্বাচন হওয়া উচিত যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে তারা কাকে ক্ষমতায় চায়।’

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান। একইসঙ্গে এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবেও আখ্যা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *